এবারের অস্কারের কুইন হেলেন মিরেন
বিষয়টা অপ্রত্যাশিত ছিলো না। ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন জিতে নিয়েছেন এবারের অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার। ৬১ বছর বয়ষ্ক ব্রিটিশ এই অভিনেত্রী ‘দি কুইন’ চলচ্চিত্রে রাণী এলিজাবেথের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এ সম্মান পেলেন।
১৯৯৭ সালে প্রিন্সেস ডায়নার আকস্মিক মৃত্যুর পরে বৃটেনের রাজপরিবার এবং রাণী এলিজাবেথ যে কঠিন দিনগুলি অতিক্রম করেছে সেটাই মিরেন ‘দি কুইন’ এ ফুটিয়ে তুলেছেন। ফলস্বরূপ অস্কারের আগেই বিশ্বের বিভিন্ন নামীদামী চলচ্চিত্র প্রতিযোগিতা থেকে ইতিমধ্যেই গোটা বিশেক পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন। বাকী ছিলো কেবল অস্কার, সেটিও এবার হাতে এলো।
এর আগেও মিরেন টেলিভিশন সিরিজ ‘এলিজাবেথ ১’ এ রাণী চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানেও তার অভিনয় সমালোচকদের কাছে প্রশংসিত হয়।
রূপালী চুলের এই অভিনেত্রী গত চল্লিশ বছর ধরে মঞ্চ, চলচ্চিত্র এবং টেলিভিশনে দাপটের সাথে অভিনয় করে চলেছেন। রাণী এলিজাবেথের নি®প্রাণ মুখাবয়ব ফুটিয়ে তোলা সহজ কাজ ছিল না। তাঁর ঠোট চেপে কথা বলা, মেপে মেপে হাঁটাচলা এসবই রপ্ত করতে হয়েছে তাকে অনেক পরিশ্রম করে। ঘন্টার পর ঘন্টা ধরে তিনি রানীর ভিডিও চিত্র দেখে সবকিছু আত্মস্থ করার চেষ্টা করেছেন।
মিরেন এর আগে অন্তত এক ডজন চলচ্চিত্রে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন। এমনকি ৫৮ বছর বয়সেও তিনি এই কান্ড করেছিলেন ‘দি ক্যালেন্ডার গার্ল’ চলচ্চিত্রে। এমন একজন অভিনেত্রী ‘এলিজাবেথ’ চরিত্রে তালগোল পাকিয়ে ফেলতে পারেন এমন আশংকা করেছিলেন অনেকেই। কিন্তু বাস্তবে হয়েছে তার বিপরীত।
বাকিংহাম প্রাসাদে বসবাসকারী রাণী এলিজাবেথ এই চলচ্চিত্রটি দেখেছেন কিনা তা জানা যায় নি। কারণ প্রাসাদাভ্যন্তরে রাণীর কর্মকান্ড সম্পর্কে বাইরে কিছুই প্রকাশ করা হয় না।
এর আগে ৬০ এর বেশি বয়সের অধিকারী যেসব অভিনেত্রী এই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন তার ভেতর মিরেন অন্যতম। অন্যান্যদের মধ্যে আছেন ক্যাথেরিন হেপবার্ন, জেসিকা টেন্ডি এবং জুডি ডেঞ্চ।
এবারের অস্কারে মিরেন যাদের সঙ্গে প্রতিযোগিতা করে অস্কার জিতলেন তারা হলেন ডেঞ্চ, কেট, ক্রুজ এবং স্ট্রিপ।
