২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারের উপস্থাপক হিসেবে থাকছেন এলেন ডিজেনেরেস

অস্কার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক এর উপস্থাপনা। কয়েক ঘন্টাব্যাপী চলা এই অনুষ্ঠানকে জমজমাট করে রাখা চাট্টিখানি কথা নয়। এর আগে এই গুরু দায়িত্ব পালন করেছেন বিলি ক্রিস্টাল, ফ্রাঙ্ক কাপরা, জ্যাক লেমন, ডেভিড লেটারম্যান, বব হোপের মতো তারকারা। এবার মঞ্চে আসছেন এলেন ডিজেনেরেস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:53 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

উপস্থাপক হিসাবে এবারই এলেন প্রথম অস্কার অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। অস্কারের প্রযোজক লরা  জেসকিন এ ঘোষনা দিয়েছেন কিছুদিন আগে। সেই সঙ্গে তিনি ডিজেনেরেসকে নিয়ে ব্যাপক উচ্ছাসও প্রকাশ করেছেন।

“ডিজেনেরেসের জন্মই হয়েছে অস্কার উপস্থাপনার জন্য।” উচ্ছাসটা টের পাওয়া যায় তার কথাতেই, “বিনোদন জগতে উপস্থাপনার ক্ষেত্রে এর চাইতে বড় চ্যালেঞ্জ আর কোনোটিতেই নেই। এর জন্য প্রয়োজন এমন একজনকে যে পুরো আসরটাকে সতেজ এবং জমজমাট করে রাখতে পারবে। এলেন এর জন্য পুরোপুরিই ফিট।”

এমনিতে ডিজনেরেস বিখ্যাত ‘দি এলেন ডিজেনেরেস শো’ এর উপস্থাপক হিসাবে। এই শোটি এই বছর তৃতীয় বারের মতো এমি অ্যাওয়ার্ড জিতেছে। সেই সঙ্গে এই শোয়ের উপস্থাপনার জন্য এলেন জিতেছে দ্বিতীয় বারের মতো এমি অ্যাওয়ার্ড।

অস্কারের উপস্থাপনা করা যে কোন উপস্থাপকের জন্যই চরম রোমাঞ্চকর একটা বিষয়। ডিজেনেরেসও সে রোমাঞ্চ বেশ টের পাচ্ছেন। অনুভূতি প্রকাশ করতে তিনি বলেন, “ জেসকিন যখন আমাকে এ কাজের জন্য ডাকে তখন কী যে রোমাঞ্চিত হয়েছিলাম তা বলার মতো নয়। আমি আমার সারা জীবনে কেবল মাত্র দুটি জিনিস চেয়েছি। তার একটি হলো অস্কার উপস্থাপনার সুযোগ পাওয়া আর অন্যটি হলো একাজের জন্য জেসকিনের কাছ থেকে ডাক পাওয়া।”

ডিজেনেরেস এর আগে দুবার প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেন এবং ১৯৯৪ সালে এমির সহ উপস্থাপক হিসাবে কাজ করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলা ঘটনার পর ডিজেনেরেস এককভাবে প্রথম যে এমি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেন তা ব্যাপকভাবে প্রসংশিত হয়।

একাডেমির প্রেসিডেন্ট সিড গ্যানিসও প্রসংশায় পঞ্চমুখ ডিজেনেরেসের, “সে সত্যিই প্রানবন্ত। তার উপস্থাপনা যে কাউকেই আনন্দিত করবে। সে মজা করে সত্যিটা বের করে আনতে পারে এবং সেটা খুবই চমৎকার পাবে। আমি মনে করি অস্কারের জন্য সে সত্যিই একদম পারফেক্ট। আমরা কৃতজ্ঞ যে সে এর উপস্থাপনায় রাজি হয়েছে।”

ডিজেনেরেস একাধারে একজন উপস্থাপিকা, লেখক এবং অভিনেত্রী। বিখ্যাত অ্যানিমেটেড চলচ্চিত্র “ফাইন্ডিং নিমো”র ডরি চরিত্রে কন্ঠদানকারী হিসাবে তিনি ব্যাপক প্রসংশিত হন।

এর আগে অস্কার উপস্থাপনা করেছেন উইল রজার্স, ফ্রাঙ্ক কাপরা, বিলি ক্রিস্টাল, জ্যাক বেনি, ফেড অ্যাস্টায়ার, জনি কারসন, জ্যাক লেমন, ডেভিড লেটারম্যান ও বব হোপ। বব হোপ একাই ১৮ বার এসেছেন উপস্থাপক হিসেবে। তার পরেই আছেন বিলি ক্রিস্টাল, উপস্থাপনা করেছেন ৮ বার। ৫ বার করেছেন জনি কারসন।