অস্কারের মেডেল নিয়ে দু’চার কথা
চলচ্চিত্র অঙ্গনে সারা বিশ্বের সবচেয়ে আলোচিত পুরস্কারটি হলো অস্কার। প্রতিবছর শুধু চলচ্চিত্রের সঙ্গে জড়িত লোকজন নয়, তাবৎ চলচ্চিত্রমোদীরাও তাকিয়ে থাকেন এই অস্কারের দিকে। যে অস্কার নিয়ে এত হইচই তার মেডেলটা দেখতে কেমন সে সম্পর্কে সবারই মোটামুটি একটা ধারনা আছে।
মেডেলটির অফিশিয়াল নাম ‘একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট’।
একাডেমি অ্যাওয়ার্ডের নাম কিভাবে অস্কার হলো তা কারো কাছেই পরিস্কার না। তবে এ সম্পর্কে সবচেয়ে জনপ্রিয় ধারনাটি ছড়িয়েছে মার্গারেট হেরিকের জবানীতে। তিনি ছিলেন একাডেমির একজন কর্মচারী। সেড্রিক গেবিনসের ডিজাইন করা মুর্তিটি দেখে তিনি বলে উঠেছিলেন, “আরে এতো দেখতে আমার চাচা অস্কারের মতো”। সেই থেকেই এর নাম মুখে মুখে অস্কার নামে ছড়ায়। একাডেমির কর্মচারীরাও মেডেলটিকে অস্কার নামে ডাকতে শুরু করে। তবে নামটি বেশী জনপ্রিয়তা পায় ১৯৩৪ সালে ওয়াল্ট ডিজনি তার অস্কার গ্রহন ভাষণে এ নামটি উল্লেখ করার পর থেকে। ত্রিশের দশকের শেষের দিকে সংবাদকর্মীরাও অস্কার নামটিকে লুফে নিয়ে এ নামেই তাদের লেখালেখি চালিয়ে যেতে থাকে। তবে একাডেমি কর্তৃপক্ষ ১৯৩৯ সালের আগে কোথাও অফিশিয়ালি অস্কার নাম ব্যবহার করেনি।
অস্কার অ্যাওয়ার্ডের চমৎকার এই মেডেলটির ডিজাইন করেছিলেন মেট্রো গোল্ডউইন মেয়ারের প্রধান শিল্প নির্দেশক সেড্রিক গিবনস। তিনি এর ডিজাইন করলেও ভাস্কর্যটিকে বাস্তবে রূপদান করেন লস অ্যাঞ্জেলস এর শিল্পী জর্জ স্টানলি।
মেডেলটিতে দেখা যায় একজন নাইট একটি তলোয়ার হাতে এক রিল ফিল্মের উপর দাঁড়িয়ে আছে। রিলটির পাঁচটি ধাপ। এই পাঁচঠি ধাপ নির্দেশ করে একাডেমি অ্যাওয়ার্ডের প্রধান পাঁচটি ক্যাটাগরিকে। এগুলো হলো অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কলাকুশলী ও লেখক।
প্রতিটি মেডেল তৈরি করা হয় প্রথমে সঙ্কর ধাতু ব্রিটানিয়াম দিয়ে। তারপর তার উপর নিকেল, সিলভার ও কপারের প্রলেপ দেওয়া হয়। সবশেষে এর উপর দেওয়া হয় ২৪ ক্যারেট গোল্ডের প্রলেপ। প্রতিটি মেডেল সাড়ে ১৩ ইঞ্চি লম্বা এবং সাড়ে ৮ পাউন্ড ওজন বিশিষ্ট।
১৯২৯ সালের ১৬ মে থেকে ২৭ ফেব্র“য়ারি ২০০৫ এর ৭৭তম অ্যাওয়ার্ড পর্যন্ত তৈরি করা হয়েছে ২ হাজার ৫৭৮টি মেডেল।
