আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন আশা ভোশলে
ভারতীয় সঙ্গীতের কিংবদন্তীর গায়িকা আশা ভোশলে তার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন। এই জীবনীগ্রন্থে নিজের সঙ্গীত জীবনের বিস্তারিত চিত্র তুলে ধরার পাশাপাশি তার বোন লতা মুঙ্গেশকার এবং পুরো মুঙ্গেশ পরিবারের একটা চিত্র তুলে ধরেছেন তিনি। এর আগে এই পরিবার সম্পর্কে মানুষ জানতো না এমন অনেক চমকপ্রদ তথ্যই থাকবে এই বইয়ে। খবর ইন্ডিয়াএফএম এর।
ইংরেজি, হিন্দি ও মারাঠি ভাষায় একযোগে প্রকাশ করা হবে বইটি। গত ২ বছর ধরে আত্মজীবনী রচনায় ব্যস্ত ছিলেন এই শিল্পী। তাড়াহুড়ো করে লিখবেন না বলেই এতোটা সময় লাগলো। এখন বইটির শেষ কয়েকটি অধ্যায় রচনায় ব্যস্ত তিনি। কোন প্রকাশকের সাথে এখনো চুড়ান্ত আলাপ না হলেও বইটি খুব শিগগিরিই প্রকাশ করবেন বলে জানিয়েছেন শিল্পী।
আশা ভোশলের সাম্প্রতিকতম অ্যালবামটি ছিল ‘আশা এন্ড ফ্রেন্ডস’। এই অ্যালবামে বলিউড থেকে ক্রীড়াঙ্গনের বিভিন্ন তারকারা মডেল হয়েছেন। হলিউড পপ তারকা রবি উইলিয়ামসের সাথে একত্রে গান গেয়েও আলোচনায় এসেছিলেন তিনি। এরপর তিনি গান করবেন ব্রেট লী’র সঙ্গে। জ্বী হ্যা, অস্টেলিয়া ক্রিকেট তারকা ব্রেট লী’র কথাই বলা হয়েছে।
