২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বর্ণবাদ নিয়ে চলচ্চিত্র তৈরী করছেন দীপা

দীপা মেহতার চলচ্চিত্র মানেই চমক। আবারো সবাইকে চমকে দিতে আর আলোচনার ঝড় তুলতে এবারে অস্কারে নমিনেশন পাওয়া দীপা মেহতা তার নতুন ছবির নাম ঘোষণা করেছেন। ‘এক্সক্লুসন’ নামের এ চলচ্চিত্রটি তিনি তৈরি করছেন সত্য কাহিনী অবলম্বনে। ১৯১৪ সালে কানাডার বন্দরে বর্ণবাদী আচরনের কারনে এক ভারতীয় বণিকের জাহাজ ভিড়তে দেওয়া হয় নি। দীপা তার নতুন চলচ্চিত্রে তুলে ধরতে যাচ্ছেন সেই অপমান আর প্রতিবাদের কাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 04:27 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ছবি সম্পর্কে বলতে গিয়ে ৫৭ বছর বয়সী মেহতা রয়টার্সকে জানান, “ ছবির চিত্রনাট্য তৈরী শেষ। আশা করা যাচ্ছে এ বছরের শেষ নাগাদ শ্যুটিংয়ের কাজে হাত দিতে পারবো।”

চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য অমিতাভ বচ্চন চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তিনি একজন শিখ দেশপ্রেমিকের চরিত্রে অভিনয় করবেন, যে শিখ ১৯১৪ সালে একটি জাহাজ আর একশ’র মতো ভারতীয় নাগরিককে নিয়ে কানাডায় অভিবাসী হতে চেয়েছিল নতুন জীবনের সন্ধানে ।

কিন্তু কানাডার ইমিগ্রেশনের বর্নবাদী আইনের কারনে ‘কোমাগাতা মারু’ জাহাজে করে ভ্যাঙ্কুবার থেকেই ফিরে আসতে হয় তাদের। এশিয় অভিবাসীদের দুরে রাখার অসৎ উদ্দেশ্য নিয়ে ওই আইন করা হয়েছিল বলে অনেকে মনে করেন।

ওই জাহাজকে তখন বাধ্য করা হয় হংকং হয়ে কোলকাতা ফিরে যেতে। কানাডায় ভিড়তে না দেয়ার প্রতিবাদে তখন আন্দোলন দানা বাঁধতে থাকে। ঘটনার একপর্যায়ে ব্রিটিশ সরকারের পুলিশের হাতে ওই জাহাজের অনেক আরোহীকে প্রাণ হারাতে হয়। 

মেহতা ২৩ বছর বয়স থেকে কানাডার টরেন্টোতে জীবন কাটিয়েছেন। চলচ্চিত্রটি সম্পর্কে তিনি বলেন, “আমার সবগুলো চলচ্চিত্রেই মানুষের মর্যাদাবোধকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। সেটা ‘ওয়াটার’ বলেন আর ‘ফায়ার’ বলেন সব জায়গাতেই। ‘এক্সক্লুসন’ ও হবে মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠার সংগ্রামী চলচ্চিত্র। এখানে ৫৮ বছর বয়স্ক শিখ চরিত্রটি প্রবল আত্মমর্যাদাবোধ সম্পন্ন একজন মানুষ।”

অমিতাভ প্রসঙ্গে তিনি জানান, “অমিতাভের মতো শক্তিশালী অভিনেতা গুড়দিত সিং এর শিখ ব্যবসায়ী প্রতিবাদী চরিত্রটি খুব সাবলীল ভাবে ফুটিয়ে তুলতে পারবে বলে আমি মনে করি।”

১৯৩০ সালের ভারতে নারী নির্যাতন নিয়ে নির্মিত দীপা মেহতার ‘ওয়াটার’ এবার অস্কারে সেরা বিদেশী চলচ্চিত্র ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে।