২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফ আলী খান হাসপাতালে

‘হাম তুম’, ‘সালাম নমস্তে’, ‘ওমকারা’ ইত্যাদি হিট চলচ্চিত্রের কল্যাণে সাইফ আলী খানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবে সাইফ ভক্তদের জন্য কিঞ্চিত দুঃসংবাদ হলো তাদের প্রিয় অভিনেতা এই মুহুর্তে হাসপাতালে। রবিবার রাতে বুকের ব্যাথায় আক্রান্ত হয়ে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। ইন্ডিয়াএফএম সূত্রে জানা গেছে এ খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 03:48 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রবিবার রাতে তার ‘ম্যাক্স স্টারডাস্ট অ্যাওয়ার্ড’ এ পারফর্ম করার কথা ছিলো। সে অনুযায়ী তিনি বিকেলে যখন নাচের রিহার্সেল করছিলেন। তখন হঠাৎ ৫টার দিকে বুকের ব্যাথা মাথা চাড়া দিয়ে উঠে। ব্যথা অসহনীয় পর্যায়ে পৌঁছালে রাত সাড়ে  নয়টায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে হাজির হন সাইফের বান্ধবী রোজা এবং ভগ্নি সোহা আলি খান। পরে সাইফের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায়, বিধু বিনোদ চোপড়া, প্রীতি জিনতা, ফারহান আখতার, ফারদিন খান, জায়েদ খান এবং প্রদীপ সরকার সহ আরো অনেকেই।

শ্যুটিং করতে দক্ষিন আফ্রিকা গিয়েছিলেন সাইফ। ফিরেছেন কেবল শনিবার রাতে। এক তো ভ্রমণের ধকল, তার উপর সম্প্রতি করা অ্যাপেন্ডিক্স অপারেশন এখনো কাবু করে রেখেছে তাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কমপক্ষে এক সপ্তাহের মতো হাসপাতালে থাকতে হতে পারে সাইফকে।