অস্কারের বিদেশী চলচ্চিত্রের ক্যাটাগরিতে জমজমাট
ফ্যাসিস্ট স্পেন এর পটভুমিতে নির্মিত মেক্সিকান পরিচালক গুইলেমো ডেল টোরো’র ‘প্যান’স ল্যাবিরিন্থ’ এ বছর আন্তর্জাতিক চলচিত্র অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন এবারের অস্কারে সেরা বিদেশী চলচ্চিত্রের ক্যাটাগরিতে এটাই পুরস্কার জিতে নেবে। তবে ছবির পরিচালক তত আশাবাদী নন। তার কাছে মনে হচ্ছে দীপা মেহতার ‘ওয়াটার’ই জিতে যাবে শেষ পর্যন্ত। ‘ওয়াটার’ কোন কারণে মিস করলে পুরষ্কার পাবে ‘দি লাইভস অফ আদারস’। এবারের অস্কারে এই তিনটি বিদেশী চলচ্চিত্রের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা হবে বলে আশা করছেন অন্যরাও।
‘প্যানস ল্যাবিরিন্থ’ বক্স অফিসে দারুন সফল, স্রেফ যুক্তরাষ্ট্রেই ছবিটি আয় করেছে ২০ মিলিয়ন ডলার। স্পেনিশ ভাষী কোন চলচ্চিত্রের জন্য এটা একটা রেকর্ড। মেকাপ, শিল্প নিদের্শনা, সিনেমাটোগ্রাফিসহ ৫টি ক্যাটাগরিতে এটি মনোনয়ন পেয়েছে। তারপরও ডেল টোরো সন্তুষ্ট নন। তিনি নিশ্চত পুরষ্কারটা তার কপালে জুটবে না।
“আমি অন্য ছবিগুলো দেখেছি। আমাকে বলতেই হচ্ছে, ‘ওয়াটার’ এবং ‘দি লাইভস অফ আদারস’ আমার ছবি থেকে অনেক ভালো।” বলেছেন ল্যাবিরিন্থের বিনয়ী পরিচালক। লাইভস অফ আদারস এর মর্মবাণী ল্যাবিরিন্থের অনুরপ - নিপীড়নের বিরুদ্ধে কীভাবে সোচ্চার হতে হয়।
ওয়াটারের কাহিনী গড়ে উঠেছে ১৯৩০ এর দশকের ভারতের বাল্যবিধবাদের কেন্দ্র করে। ‘দি লাইভস অফ আদারস’ এর পটভূমি বার্লিন দেয়াল পতনের ঠিক আগ মুহূর্তের পূর্ব জার্মানি।
অস্কার বিশেষজ্ঞদের মতে এই ছবিগুলোর সাথে আরো দুটি মনোনয়ন পাওয়া ছবি ‘ ডেস অফ গ্লোরি’ এবং ‘আফটার দি ওয়েডিং’ ও জোরদার লড়াই করবে সেরা বিদেশী চলচ্চিত্রের পুরস্কারের জন্য। ‘গ্লোরি’ আলজেরিয়ান ছবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের জন্য লড়াই করা উত্তর আফ্রিকার সৈন্যদের কেন্দ্র করে তৈরি হয়েছে। ‘ওয়েডিং’ ডেনিশ চলচ্চিত্র, এক ভাঙা পরিবারের কাহিনী এর উপজীব্য।
৫টি ছবিই প্রথম শ্রেনীর। আমেরিকার নিউ ইয়র্কার পত্রিকার অ্যান্থনি লেন অবশ্য ‘দি লাইভস অফ আদারস’ এর পক্ষেই তার মত ব্যক্ত করে বলেছেন, “সুবিচার হলে এ ছবিটিই পুরস্কার পাবে।”
অস্কারের অন্য ক্যাটাগরিগুলোর তুলনায় বিদেশী চলচ্চিত্র কোটার সেরাটিকে মনোনীত করার পদ্ধতি একটু ভিন্ন। ডিভিডি স্ক্রিনে না দেখে এ ছবিগুলো বিচারকদের দেখতে হয় মুভি থিয়েটারে বসে। এবং বিচারকদের লিখিতভাবে জানাতে হয় যে মুভি থিয়েটারে ছবিটি দেখে তবেই তারা রায় জানাচ্ছেন।
অ্যাকাডেমির বিদেশী চলচ্চিত্র শাখার প্রধান প্রযোজক মার্ক জনসন বলেন, নিয়ম কানুনের অনেক অদল বদল করে বিদেশী ক্যাটাগরিকে অনেক শক্তিশালী করা হয়েছে। গত কয়েক বছর ধরে এই শাখায় ভাল ছবি বাদ দিয়ে অনেক অনুল্লেখযোগ্য ছবি দেখানো হয়েছে।
এ বছর প্রথমে ৬১টি ছবি থেকে ৯টি ছবি বিদেশী চলচ্চিত্র কোটায় মনোনীত হয়েছিল প্রথমে। ৩০ জন অ্যাকাডেমি সদস্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন জনসন তালিকাটা ৫ এ নামিয়ে দেবার জন্য। তারা তা করেছেন। এখন সেখান থেকে সেরাটিকে বাছাইয়ের কাজটা যে খুবই দুরুহ হবে সেটা ডেল টোরোর কথায় বোঝা গেছে।
