এবারে প্রযোজনায় আসছেন সাইফ আলী খান
আমীর খান আর শাহরুখ খানের পর এবার চলচ্চিত্র প্রয়োজক হিসেবে আবির্ভূত হতে চলেছেন সাইফ আলী খান। ‘বিইং সাইরাস’ এর প্রযোজক দিনেশ বিজনের সাথে মিলে যৌথভাবে তিনি একটি প্রোডাকশন কোম্পানি চালু করেছেন, নাম দিয়েছেন ইলিউমিনাতি ফিল্মস প্রাইভেট লিমিটেড।
সাইফ বলেন, বিইং সাইরাসে কাজ করার সময়েই দিনেশের সাথে তার চমৎকার বন্ধুত্ব হয়। চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মানের বহু বিষয়ে তাদের মধ্যে মতের মিল লক্ষ্য করেন। এরপরই তারা যৌথভাবে এই প্রডাকশন হাউজ তৈরির সিদ্ধান্ত নেন। তবে তাদের এই প্রডাকশন হাউজের সব ছবিতেই সাইফ আলী খান অভিনয় করবেন কিনা সেটা নিশ্চিত নয়।
ওদিকে দিনেশ জানিয়েছেন, তাদের প্রথম ছবিতে অবশ্যই সাইফ নায়ক হিসেবে থাকবেন। এ বছর ডিসেম্বর নাগাদ অথবা আগামী বছরের শুরুর দিকে তাদের প্রথম ছবির কাজ শুরু হবে। বানিজ্যিক চলচ্চিত্রের মাধ্যমেই দর্শকদের আকর্ষণ করা হবে তাদের অন্যতম লক্ষ্য।
সাইফ আলী খান অভিনীত ছবি ‘একলব্য’ শিগগিরই মুক্তি পাবে। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবিতে তার সঙ্গে আরো আছেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, বোমান ইরাণী, জিমি শেরগিল ও বিদ্যা বালান।
