চলে গেলেন গায়িকা অভিনেত্রী বারবারা ম্যাকনেয়ার
দীর্ঘদিন গলার ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে নিয়তির কাছে হার মানলেন বিশিষ্ট গায়িকা ও অভিনেত্রী বারবারা ম্যাকনেয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার স্বামী চার্লস ব্লেকা নিশ্চিত করেছেন এ খবর।
এলভিস প্রিসলি ও সিডনি পয়টারের মতো বিখ্যাত অভিনেতাদের সাথে অভিনয় করা কৃষ্ণাঙ্গ অভিনেত্রী বারবারা নিজস্ব টেলিভিশন অনুষ্ঠানেরও উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। প্রথম যুগের কৃষ্ণাঙ্গ টেলিভিশন উপস্থাপিকাদের মধ্যে তিনি অন্যতম।
বালিকা বয়সে চার্চেই তার সঙ্গীতচর্চার সূত্রপাত হলেও তার ক্যারিয়ার শুরু হয়েছিল নাইটক্লাবের গায়িকা হিসেবে। সঙ্গীতকে তিনি মনেপ্রাণে ভালবাসতেন। গত বছরের শেষার্ধ গান গেয়ে গেছেন এই শিল্পী।
তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্লেকা বলেছেন, “ আমার চেনা সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন ছিল ও। ও যদি ঠিক করতো কিছু করবে তাহলে সেটা সে করতোই, আর করতো সম্মানজনকভাবেই।”
দুই দশকের রেকর্ডিং এর ক্যারিয়ার নিয়ে টেলিভিশনে যোগ দেন তিনি ষাটের দশকে। এবং অচিরেই তারকা হিসেবে খ্যাতি পান।
১৯৬৮ সালে ‘ইফ হি হলারস লেট হিম গো’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। ১৯৬৯ সালে ‘ চেঞ্জ অফ হ্যাবিট’ ছবিতে এলভিস প্রিসলির শেষ ছবিতে তার সঙ্গে অভিনয় করেন বারবারা। ছবিতে ম্যাকনেয়ার নান এবং প্রিসলি একজন ডাক্তারের ভুমিকায় অভিনয় করেন।
১৯৭০ সালের ক্লাসিক চলচ্চিত্র ‘দে কল মি মিস্টার টিবস’ ও ১৯৭১ সালে ওই ছবিরই সিক্যুয়েল ‘দি অর্গানাইজেশন’ ছবিতে সিডনি পয়টারের স্ত্রীর ভুমিকায় অনবদ্য অভিনয় করে তিনি ব্যপক পরিচিতি পান।
১৯৬৯ সালে তিনি টেলিভিশনে এক গানের অনুষ্ঠান ‘দি বারবারা ম্যাকনেয়ার শো’ এর উপস্থাপক হিসেবে হাজির হন তিনি। ওই সময়ে খুব অল্প কৃষ্ণাঙ্গই এ ধরনের সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানটিতে টনি বেনেট, সনি, শের ও বব হোপসহ অনেক তারকাই উপস্থিত হয়েছেন।
ব্লেকা, যিনি একাধারে ম্যাকনেয়ারের ম্যানেজারও ছিলেন, বলেন, “অনেক লোকই মনে করে তারকাদের জীবনটা ঝক্কির। বারবারা সেটা কখনো মনে করেনি। তার অন্তর্নিহিত শক্তি দিয়েই সে জীবনের প্রতি ক্ষেত্রেই সকলকে সমানভাবে গ্রহণ করতে পেরেছে। এই পেশার যে কোন লোককে জিজ্ঞেস করুন, সবাই বলবে তাদের পরিচিত অসাধারন মানুষদের মধ্যে সে ছিল অন্যতম।”
বারবারা ব্রডওয়ের বিভিন্ন মঞ্চনাটকেও অভিনয় করেছেন। এর মধ্যে আছে ‘দি বডি বিউটিফুল’, ‘নো স্ট্রিংস’ এবং ‘দি পাজামা গেম’।
গত শতকের সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে বারবারার ব্যস্ততা কমে গেলেও তিনি বিনোদন জগত থেকে সরে না গিয়ে নাইটক্লাব ও ক্যাবারেগুলিতে গান গাওয়া চালিয়ে যান। মাঝে মাঝে ‘দি জেফারসনস’ কিংবা রেড ফক্স শো’র মতো কিছু টেলিভিশন অনুষ্ঠানেও হাজির হতেন।
