হ্যারি পটারের সপ্তম পর্বেরও কোনো ইন্টারনেট সংস্করন হবে না
যুগ পাল্টেছে, পাল্টে গেছে পাঠাভ্যাসও। হাল জমানার কাচ্চা - বাচ্চারা হাতে বই তুলে নেওয়ার বদলে কম্পিউটার স্ক্রিনে চোখ মেলে পড়ে। এই বইয়ের জন্য এ দোকান সে দোকান ঘোরারও ঝামেলা নেই। নেট থেকে ডাউনলোড করে নিলেই হলো।
ব্যাপারটা আরো অনেকের মতো জে কে রলিংয়েরও পছন্দ নয়। এই জমানার বাচ্চাদের জন্য যতই বই লিখুন, মানুষটা তো তিনি আর এই জমানার নন। ফলে তিনি অনেক আগেই ঠিক করেছেন যে তার হ্যারি পটার সিরিজের কোন বই তিনি অন লাইনে ছাড়বেন না। এটা দোকান থেকে কিনে নিয়েই পড়তে হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক তার আগের বইগুলোর মতো ‘হ্যারি পটার এন্ড দি ডেথলি হালোস’ও ই-বুক ভক্তরা হাতে বা স্ক্রিনে পাচ্ছেন না। রলিং লিটারারি এজেন্সির আইনজীবী রবিবার সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, “ ‘ ডেথলি হালোস এর বই পাওয়া যাবে, শোনার সিডিও পাওয়া যাবে, এমনকি ব্রেইল সংস্করণও আসবে বাজারে। কিন্তু এর টেক্সট ডাউন লোড করা যাবেনা। ”
রলিং এর কারণ হিসেবে বছরের পর বছর ধরে অনলাইন পাইরেসির কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি কাগজের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বাড়ানোর উপরও জোর দিয়েছেন।
উল্লেখ্য, জে কে রলিং নিজেও কী বোর্ডের বদলে কলম দিয়েই লেখেন, যে কারণে বইটির সপ্তম পর্বের প্রকাশনা অনেকখানি পিছিয়ে যায়। এটি গত এপ্রিলে বের করার কথা থাকলেও তা করা যায়নি। রলিং গত সপ্তাহে ঘোষণা করেছেন এ বছর ২১ জুলাই তার ‘ডেথলি হালোজ’ প্রকাশিত হবে।
গত শতকের ৯০ এর দশকের শেষভাগে আগামী দিনের প্রকাশনার নমুনা হিসেবে ই - বুক আত্মপ্রকাশ করলেও এখনো পর্যন্ত হাজার কোটি টাকার বইয়ের ব্যবসায় তার অবস্থান খুবই নগন্য।
হ্যারি পটার সিরিজের আগের ছয়টি বই বিক্রি হয়েছে ৩২৫ মিলিয়ন কপিরও বেশি।
