২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারকে জয় করেছেন ফারাহ ফসেট

‘বালাই ষাট’ বাগধারাটি বাংলাতে বেশ প্রচলিত। এটা বলে প্রিয়জনের আপদবিপদ দুর করার অভিপ্রায় ব্যক্ত করেন শুভানুধ্যায়ীরা। বাংলা মুলুকে জন্ম নিলে এ বছর ফারাহ ফসেটের জন্মদিনেও এই শুভেচ্ছাবানী উচ্চারণ  করে শুভেচ্ছা জানানো যেতো অনায়াসে। ‘৭০ এর দশকের মিনি পর্দা কাঁপানো ‘চার্লিস এঞ্জেলস’ খ্যাত লাস্যময়ী এই তারকা শুক্রবার ষাট বছরে পা রাখলেন এবং এই শুভদিনে ঘোষনা করলেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে তার জয়ের কথা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2007, 01:53 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এক বিবৃতিতে ফসেট বলেন, “আমার নিজের এবং আমার পরিবারের জন্য আজ একটা অন্যরকম দিন।” নানারকম পরীক্ষা নীরিক্ষার কথা উল্লেখ করে তিনি তার ক্যান্সারমুক্তির সুখবর দেন।

ফসেট জানান, “এক ভয়াবহ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, যে ব্যাপারে ডাক্তাররা আমাকে আগেই সতর্ক করে দিয়ে বলেছিলেন  -  আমার জীবনের সবচেয়ে ভয়ংকর লড়াই হবে এটা।”

“অসহ্য যন্ত্রণা আর আরোগ্যের অনিশ্চয়তা সত্ত্বেও আমি আশা ছাড়িনি। আমি এটাও ভেবেছি যে ক্যান্সারের বিরুদ্ধে আমার এই লড়াইয়ের খবর নিশ্চয়ই রোগাক্রান্ত অন্যদেরও লড়াইয়ে উৎসাহিত করবে।”

ফসেটের প্রধান চিকিৎসক লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মেডিক্যাল স্কুলের ড. গেরি গিটনিক বলেন “ ফসেট এই চিকিৎসাকাজে পূর্ন সহযোগিতা করেছেন ও চমৎকার সাড়া দিয়েছেন।” তার ডায়াগনসিসও চমৎকার ছিল বলে জানান তিনি।

ফসেট বা চিকিৎসক কেউই ক্যান্সারের ধরণ সম্পর্কে কিছু বলেননি। তবে তার দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা রায়ান ও নীল বিনোদন সাময়িকী পিপলকে জানিয়েছেন, ফসেটের অ্যানাল ক্যান্সারের চিকিৎসা চলছে।

রায়ান ও নীলের সাথে সম্পর্ক তৈরির আগে ফসেট বিয়ে করেছিলেন বিখ্যাত ‘সিক্স মিলিয়ন ডলারম্যান’ তারকা লী মেজরসকে। ৮০’র দশকের গোড়ায় তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। রায়ান ও ফসেটের একটি সন্তান রয়েছে।