অবশেষে গুজরাটে পারজানিয়া দেখানো হচ্ছে
২০০২ সালে গুজরাটের ভয়াবহ দাঙ্গার প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘পারজানিয়া’ গুজরাটে প্রদর্শনের ব্যাপারে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য ছবিটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি আহমেদাবাদে এই প্রদর্শনী হবে।
গত মাসে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ছবিটি মুক্তি পেয়েছে। কিন্তু হিন্দু দলগুলোর অনুমোদন না থাকায় গুজরাটে ছবিটি মুক্তি পায়নি।
দাঙ্গার সময় এক পার্সি বালকের হারিয়ে যাওয়ার সত্যি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির কাহিনী।
ছবির পরিচালক রাহুল ধোলাকিয়া ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “সিনেমা হল মালিকেরা ছবিটি দেখানোর সাহস পাচ্ছে না, কারণ তাদের ভয় দেখানো হয়েছে। গুজরটের একটা ঘটনাকে নিয়ে বানানো ছবি গুজরাটেই দেখানো যাচ্ছে না। তাহলে এ দেশে গনতন্ত্রটা কোথায়?”
হিন্দু মৌলবাদী দল বজরং তাদের অনুমোদন ছাড়া এ ছবি দেখানো যাবে না বলে হুশিয়ার করেছে আগেই। ওই দলের একজন নেতা বাবু বজরঙ্গি বলেছেন, “সিনেমা হলে চালু করার আগে আমি ছবিটি দেখতে চাই।”
তিনি আরও বলেন, “ শুধূ মুসলিমরা নয়, ওই দাঙ্গায় হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হিন্দুদের অনুভুতি আহত হবে এমন কিছু আমি হতে দেবো না।”
