ডিসেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আসছে ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের প্রথম ছবি মনপুরার অডিও অ্যালবাম। আর ছবিটি মুক্তি পাবে আগামী পহেলা বৈশাখে।
মনপুরা চলচ্চিত্রের চারটি গান দিয়ে সাজানো হয়েছে অডিও অ্যালবামটি। গানের শিরোনামগুলি হলো 'ধরো বন্ধু আমার কেহ নাই, 'যাও পাখি বল তারে', 'সোনাই হায় হায় রে' ও 'আগে যদি জানতামরে বন্ধু'।
অ্যালবামের বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন মমতাজ, কৃষ্ণকলি, চন্দনা মজুমদার, ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। চারটি গানের দুটি গান হলো সংগৃহীত এবং অন্য দুটি গান লিখেছেন কৃষ্ণকলি ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিম নিজে।
গানগুলির সঙ্গীতপরিচালনা করেছেন অর্ণব। অ্যালবামটি বাজারজাত করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।
এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথম প্লে-ব্যাক করলেন অভিনেতা ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরী। চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশ করা প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, 'আমার সিনেমাটা খুব সরল। এখানকার গানগুলিও খুব সহজ সরল কথার। যা সহজেই মানুষের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।"
এদিকে আসছে পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে মনপুরা চলচ্চিত্রটি।
মনপুরা নামের একটি দ্বীপে নিঃসঙ্গ একটি যুবককে কেন্দ্র করে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, মামুুনুর রশীদ, দিলারা জামান, আহসানুল হক মিনু, মিরানা জামান, শিরিন আকতার, শিমুল প্রমুখ।
চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, "আমাদের দেশে বহুদিন ধরে দর্শকরা চলচ্চিত্রে গল্প দেখেন না। আমার বিশ্বাস দর্শকরা মনপুরা ছবিতে একটি শক্তিশালী গল্প দেখতে পাবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১০১৪ ঘ
bdnews24