ওয়ার্ল্ড
ডিসেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'নাচ বোলিয়ে' প্রতিযোগিতায় হেরে স্টার টিভির বিরুদ্ধে মামলা করেছেন রাখী সাওয়ান্ত। তার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ স্টার টিভির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ওশিয়ারা পুলিশ স্টেশনের ইন-চার্জ দীলিপ পাতিল জানান, "রাখী এবং তার কোরিওগ্রাফার অভিষেক একত্রে স্টার টিভির বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। তাদের অভিযোগ, প্রতিযোগিতায় স্টার টিভি কারচুপির আশ্রয় নিয়েছে।"
তিনি আরো জানান, "নিয়ম মোতাবেক সবদিক থেকেই এই অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে আমাদের কাছে এর চেয়েও অনেক গুরুত্বপুর্ণ মামলা আছে। তাই মামলার গুরুত্ব অনুযায়ী আমরা এই অভিযোগ বিবেচনা করব।"
স্টার টিভির ডান্স রিয়েলিটি শো 'নাচ বোলিয়ে' গত তিন বছর ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তৃতীয় মৌসুমের 'নাচ বোলিয়ে' প্রতিযোগিতায় ১১ তারকা জুটি অংশ নেন। দীর্ঘ চার মাস প্রতিযোগিতার পর শনিবার জনপ্রিয় টিভি অভিনেত্রী সানজিদা শাইখ এবং তার কোরিওগ্রাফার আমির আলিকে চুড়ান্ত বিজয়ী ঘোষনা করেন অতিথি বিচারক সালমান খান। প্রতিযোগিতায় রানার আপ হন রাখি-অভিষেক জুটি।
শনিবার সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করার সময় রাখী কেঁদে ফেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে মঞ্চ ছেড়ে অভিষেকের সঙ্গে চলে যান। মঙ্গলবার রাখি ও অভিষেক স্টার টিভির বিরুদ্ধে একগাদা অভিযোগ আনেন। তার মধ্যে এসএমএস ভোটিং ব্যবস্থা এবং সফটওয়্যারের মাধ্যমে কারচুপির অভিযোগ অন্যতম।
রাখি ও অভিষেক অভিযোগে জানান, "আমরা ফলাফল ঘোষণার প্রায় কয়েকঘন্টা আগেই তা জানতাম। কিন্তু আসল ফলাফল আমরা পাইনি।"
তারা অভিযোগে আরও বলেন, "পুলিশ যদি এটা তদন্ত না করে তাহলে সাইবার ক্রাইম চলতেই থাকবে এবং প্রতারকরা কখনো থামবে না।"
'নাচ বলিয়ে' প্রতিযোগতায় বিজয়ী সানজিদা স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল 'কেয়ামত'-এ অভিনয় করছেন। প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ২.৫০ মিলিয়ন ভারতীয় রুপীসহ আরও অনেক কিছু পাচ্ছেন এই তারকা।
বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এবি/ এমআইআর/১৮১৯ ঘ
bdnews24