২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের অডিও বাজারে সাড়া কম

প্রতি বছর ঈদ আসলেই সরগরম হয়ে ওঠে বাংলাদেশের অডিও বাজার। এরই ধারবাহিকতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এবারও প্রকাশিত হয়েছে বেশ কিছু অডিও অ্যালবাম। কিন্তু বাজারে মন্দার কারণে হাতে গোনা কয়েকটি অ্যালবাম ছাড়া অন্যগুলি তেমন সাড়া ফেলেনি শ্রোতাদের মনে, জানিয়েছে বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ডিসেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রতি বছর ঈদ আসলেই সরগরম হয়ে ওঠে বাংলাদেশের অডিও বাজার। এরই ধারবাহিকতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এবারও প্রকাশিত হয়েছে বেশ কিছু অডিও অ্যালবাম। কিন্তু বাজারে মন্দার কারণে হাতে গোনা কয়েকটি অ্যালবাম ছাড়া অন্যগুলি তেমন সাড়া ফেলেনি শ্রোতাদের মনে, জানিয়েছে বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। দেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর একটি সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, "প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে অডিও ইন্ডাস্ট্রিতে। যার ফলে জমে উঠেনি অডিও বাজার। এছাড়া এমনিতেই কোরবানীর ঈদে বিনোদনের প্রতি মানুষের আগ্রহ একটু কম থাকে। আর পাইরেসিতো আছেই। সবমিলিয়ে বাজার এখনো চাঙা হয়ে ওঠেনি।" অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম জানান, "অনেকটা ঢিমে তালে চলছে অডিও বাজার। সাড়া ফেলার মতো তেমন কোনো অ্যালবাম নেই বললেই চলে।" দেশের অডিও বাজারের মন্দাভাব থাকলেও ছোটবড় প্রায় সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করেছে একাধিক অডিও অ্যালবাম। সঙ্গীতা থেকে বাজারে এসেছে বেশ কয়েকটি অ্যালবাম। এর মধ্যে এস আই টুটুলের 'শুন্য', আগুনের 'ঠিকানা', বারি সিদ্দিকী'র 'সরলা', আসিফ ও এস ডি রুবেলের দ্বৈত অ্যালবাম 'মন', এন্ড্রু কিশোর ও বেবী নাজনীনের দ্বৈত অ্যালবাম 'শুধু ভালোবাসো' উল্লেখযোগ্য। এদিকে এবার প্রথম সাউন্টেকের বাইরে সলো অ্যালবাম করলেন জনপ্রিয় গায়ক আসিফ। সিএমভি থেকে আসিফের 'বৈকালের চাঁদ' ছাড়াও আসিফ, রাজেশ ও প্রদীপ সাহার 'পাপী' নামে একটি মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। অগ্নিবীণা থেকে বাজারে এসেছে ফাহমিদা নবীর একক অ্যালবাম 'চারটা দেয়াল হঠাৎ খেয়াল'। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে বেঙ্গল মিউজিক থেকে বাজারে এসেছে জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি'র ১১তম অ্যালবাম 'স্পর্শ'। ঈদ উপলক্ষে সাউন্টেক প্রকাশ করেছে বাপ্পা মজুমদার ও খালিদের ডুয়েট অ্যালবাম 'বলো না বিদায়', ডলি সায়ন্তনীর সলো অ্যালবাম 'আশা', আসিফ ও আতিক হাসানের ডুয়েট 'বিষন্ন সন্ধ্যায়', আসিফ ও মনির খানের ডুয়েট ' যেতে চাই প্রেম নগর', বাপ্পা-টুটুল-টিপুর মিক্সড অ্যালবাম 'সঙ্গী', শাহনাজ বেলী ও পলাশের ডুয়েট অ্যালবাম 'মন ব্যাপারী' প্রভৃতি। লেজার ভিশন থেকে বাজারে এসেছে খায়রুল আনাম শাকিল ও কল্পনা আনামের দেশাত্মবোধক গানের অ্যলবাম 'মৃত্তিকা', সেতার বাদক রুপসীর ফিউশনধর্মী সলো অ্যালবাম 'শুধু তোমাকে', জানে আলমের 'কৃষ্ণার প্রেম' এবং আন্ডারগ্রাউন্ড ব্যান্ড অতলাআন্তিক এর 'সোল অ্যান্ড ফয়েল'। জি-সিরিজ থেকে বাজারে এসেছে এ সময়ের জনপ্রিয় গায়ক তাহসানের সলো অ্যালবাম 'নেই'। এছাড়া এস এ হক অলীকের আকাশ ছোঁয়া ভালবাসা ছবির অডিও অ্যালবামও বাজারে এসেছে। গানচিল থেকে বাজারে এসেছে চারটি ভিসিডি ও দুইটি অডিও অ্যালবাম। ভিসিডি অ্যালবামগুলো হলো বিউটি'র 'লালন কন্যা', প্রিন্স মাহমুদের মিক্সড অ্যালবাম 'দেবী', নোলক ও সালমার ডুয়েট অ্যালবাম 'মাটির তারা' এবং নওরিনের 'কৃষ্ণচুড়া'। আর অডিও অ্যালবাম দুটি হলো প্রিন্স মাহমুদের সুর ও সঙ্গীতে রুমীর একক অ্যালবাম 'তাঁরছেড়া' ও সুমন কল্যাণের সুরে নোলক, রাশেদ, রিংকু, ও রাফাতের মিক্সড অ্যালবাম 'আজ সারাদিন'। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৯৪৫ ঘ