ডিসেম্বর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মীরা নায়ারের 'শান্তারাম' ছবিতে টাবুর বদলে অভিনয় করবেন কঙ্কণা সেন শর্মা। এই ছবিতে তার চরিত্র খুব ছোট হলেও যথেষ্ট গুরুত্ববহ। খবর ভারতীয় ওয়েবসাইটের।
জয়া আখতারের প্রথম পরিচালনায় 'লাক বাই চান্স' ছবিতে টাবুর অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষ পযর্ন্ত টাবু আর তাতে অভিনয় করেননি। সে বার তার জায়গায় কঙ্কণাকে নিয়েছিলেন পরিচালক জয়া। ঠিক একই ঘটনা ঘটছে মীরা নায়ার পরিচালিত 'শান্তারাম' এর ক্ষেত্রেও। এই ছবিতেও টাবুর অভিনয়ের কথা ছিল। কিন্তু এবারও টাবু 'শান্তারাম' ছবিতে অভিনয় করতে পারছেন না। তার জায়গায় আসছেন কঙ্কণা সেন শর্মা।
ডেভিড রবার্টের লেখা নামকরা উপন্যাস 'শান্তারাম' অবলম্বনে মীরা নায়ার ছবিটি নির্মাণ করছেন। এর আগে জনি ডেপ অনেক সম্মানী চাচ্ছেন বলে মীরা এই ছবির কাজ বাদ দিচ্ছেন বলে যে খবর প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমে তার সত্যতা অস্বীকার করেন পরিচালক।
'শান্তারাম' অস্ট্রেলিয়া থেকে পলাতক এক দন্ডিত অপরাধীর কাহিনী। এটি আসলে লেখকের আত্মজীবনী। ১৯৭৮ সালে রবার্ট মাদকাসক্তির দায়ে অস্ট্রেলিয়ায় ১৯ বছরের কারাদন্ড সাজা পায়। অস্ট্রেলিয়ার জেল থেকে পালিয়ে ভারতের মুম্বাই শহরে এসে তিনি শান্তারাম নামে পরিচিত হন।
মীরা নায়ারের 'শান্তারাম' ছবিতে কঙ্কণা সেন শর্মা ছাড়াও অমিতাভ বচ্চন, জনি ডেপ, বিপাশা বসু সহ আরো অনেকেই অভিনয় করছেন।
বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এবি/ এমআইআর/ ২১৩৮ ঘ
bdnews24