ডিসেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ আট বছর পর ১৬ ডিসেম্বর রোববার বাংলাদেশ - চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মঞ্চে একসঙ্গে গান গাইতে উঠছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও কলকাতার কবীর সুমন। ওই দিন সন্ধ্যায় সম্মেলন কেন্দ্রে গ্রামীণফোন আয়োজিত একটি চ্যারিটি কনসার্টে গান গাইবেন তারা।
চ্যারিটি শো'তে সাবিনা ইয়াসমিন ও কবির সুমন ছাড়া আরও গান গাইবেন বাংলাদেশের সুবীর নন্দী, শাকিলা জাফর, ফাহমিদা নবী, অর্ণব এবং ব্যান্ড দল রেনেসাঁ।
বাংলাদেশে সর্বশেষ ১৯৯৯ সালে বন্যা দুর্গতদের সাহায্যার্থে একটি চ্যারিটি শো'তে সাবিনা-সুমন একত্রে গান গেয়েছিলেন।
চ্যারিটি শো' আয়োজক গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছেন, শো থেকে উপার্জিত সব অর্থ সিডরে ক্ষতিগ্রস্থদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
চ্যারিটি শো ছাড়াও অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
চ্যারিটি কনসার্ট ও বিশেষ সম্মাননা প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, "খুব ভালো লাগছে যে আমি সুস্থ হয়ে আবার দেশের মানুষের জন্য কিছু করতে পারছি। আর গ্রামীণফোন কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ আমাকে সম্মানিত করবার জন্য।"
কবির সুমনের বাংলাদেশে আসা ও দীর্ঘদিন পর একত্রে কনসার্টে অংশগ্রহণ করা প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, "বাংলাদেশের দুর্গত মানুষের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে গান গাইতে আসবার জন্য আমি কবিরকে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবেও তার কাছে কৃতজ্ঞ।"
বিজয় দিবসের এ কনসার্টে গান গাইতেই দীর্ঘ সাত বছর পর ১০ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় শিল্পী কবির সুমন। কনসার্ট শেষে আগামী ১৮ ডিসেম্বর তার কোলকাতায় ফিরে যাওয়ার কথা।
একাধারে গায়ক, গীতিকার, সুরকার, গিটারিস্ট, কবি, সাংবাদিক ও টিভি উপস্থাপক সুমন চট্টোপাধ্যায় বাংলাদেশের বিখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় সুমন কবির নাম গ্রহণ করেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/২১৪৯ ঘ
bdnews24