ডিসেম্বর ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ' এ উপস্থিত থাকতে পারাকে জীবনের অমূল্য অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন বিখ্যাত মার্কিন পপ তারকা অ্যান্ডি উইলিয়ামস। খবর বৃটিশ পত্রিকার।
বৃহস্পতিবার লন্ডনের টেলিগ্রাফ পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যান্ডি বলেন, "আমি জীবনে অনেক শো দেখেছি, কিন্তু যে শো দেখে সবচেয়ে মুগ্ধ হয়েছি সেটি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ।"
তিনি জানান, "আমি তখন লস এঞ্জেলসে থাকতাম। নিউ ইয়র্কে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেদিন রাতে গেলাম কনসার্ট দেখতে।"
বিটলস তারকা জর্জ হ্যারিসন ও ভারতের বিখ্যাত সেতারবাদক রবি শঙ্করের উদ্যোগে নিউ ইয়র্কে ওই কনসার্টটি অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ১ আগস্ট। ওই দিন দুপুর ও রাতে দুটি শো'র আয়োজন করা হয়। কনসার্ট দেখতে প্রায় ৪০ হাজার লোক জড়ো হন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। বাংলাদেশের শরণার্থীদের সহায়তা করার উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয় এই কনসার্টের। এ ধরনের কনসার্ট পৃথিবীতে এটাই ছিল প্রথম।
মার্কিন পপ গায়ক অ্যান্ডি সেদিনের স্মৃতিচারণা করে বলেন, "এটা সত্যিই একটা দেখার মতো ব্যাপার ছিল। মনে হচ্ছিল যেন কোন কলেজ ক্যাম্পাসে এসেছি। বিশাল ভেন্যু, তরুন তরুনীদের ভিড়ে পূর্ণ। অনেকে ধূমপান করছিল। কিন্তু আমি তাতে অংশ নিইনি।"
"জর্জ তার প্রিয় বন্ধু রবি শঙ্করের সঙ্গে গাইলেন। 'মাই সুইট লর্ড' গানটা শুনলাম জর্জের কন্ঠে।" কনসার্টে হ্যারিসন 'বাংলা দেশ' গানটিও গেয়ে শোনান।
ওই কনাসর্টে বিখ্যাত সব গায়ক ও বাদকরা অংশ নেন। রবি শঙ্কর, ওস্তাদ আলী আকবর খাঁ ছাড়াও জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্লাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেসটন ও লিওন রাসেল সহ অনেকে ওঠেন কনসার্ট ফর বাংলাদেশের মঞ্চে।
এই কনসার্টের অ্যালবামটি প্রকাশ হয় ১৯৭১ সালেই। ১৯৭২ সালে মুক্তি পায় একটি চলচ্চিত্রও। ২০০৫ সালে একটি নতুন প্রামাণ্য চলচ্চিত্র সহযোগে ওই চলচ্চিত্রটির একটি ডিভিডি প্রকাশিত হয়।
কনসার্টে ২ লক্ষ ৪৩ হাজার ৪১৮.৫০ মার্কিন ডলার সংগৃহীত হয়। ইউনিসেফের মাধ্যমে এই অর্থ বাংলাদেশীদের ত্রাণকার্যে ব্যবহার করা হয়। কনসার্ট ফর বাংলাদেশ অ্যালবাম ও ডিভিডি বিক্রয়লদ্ধ অর্থ এখনো জর্জ হ্যারিসন ফাউন্ডেশনের মাধ্যমে ইউনিসেফের কাছে যাচ্ছে।
টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিকের সঙ্গে আলাপকালে অ্যান্ডি বলেন, "আমি বিটলসের দারুণ ভক্ত। এর কয়েক বছর পরে গ্র্যামি অনুষ্ঠানের উপস্থাপনার সময় জন লেননের সঙ্গে আমার পরিচয় হয়। চমৎকার একটা সন্ধ্যা কেটেছে তার সঙ্গে। পরদিন তিনি আমাকে নোট পাঠিয়ে তার একটি গান গাওয়ার অনুরোধ করেছিলেন।"
মার্কিন পপ তারকা হাওয়ার্ড অ্যান্ড্রু উইলিয়ামস ১৯২৭ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। অ্যান্ডি উইলিয়ামস নামেই তিনি বেশি পরিচিত। তার ১৮টি গোল্ড ও ৩টি প্লাটিনাম অ্যালবাম প্রকাশিত হয়েছে। এলটন জন, মাইকেল জ্যাকসন সহ অনেক বিখ্যাত গায়কদের সঙ্গে গান গেয়েছেন তিনি। রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্ট থাকাকালে অ্যান্ডির কন্ঠস্বরকে 'জাতীয় সম্পতি' বলে ঘোষণা করেন। টেলিভিশন শো ছাড়াও কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন অ্যান্ডি। মিসৌরির মুন রিভার থিয়েটারটির মালিক তিনি।
সনি বিএমজি স
bdnews24