ডিসেম্বর ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বুধবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় যে শাহরুখ খানের কাছে সন্ত্রাসীরা ২ কোটি রূপী দাবি করেছে। কিন্তু বৃহস্পতিবার মুম্বাই পুলিশ এ সম্পর্কিত সংবাদ পুরোপুরি অস্বীকার করেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ভারতীয় গণমাধ্যম বুধবার জানায়, গত মঙ্গলবার বা্িন্ট পান্ডে নামের এক সন্ত্রাসী ফোনে শাহরুখের কাছে ২ কোটি ভারতীয় রূপী দাবী করে। এমনকি বান্টির ছয়জন সাগরেদ এ ব্যাপারে শাহরুখের সাথে দেখা করেছে। শাহরুখ পুলিশের অ্যান্টি-টেরোরিস্ট (এটিএস) স্কোয়াডকেও বিষয়টি জানিয়েছেন। এমনকি ভারতের ক্রাইম ব্যাঞ্চ ও এপিএস এই অপরাধচক্রকে ধরতে অভিযান শুরু করেছে।
কিন্তু বৃহস্পতিবার ক্রাইম ব্রাঞ্চের এক সিনিয়র কর্মকর্তা জানান, "শাহরুখ খান এ ধরনের কোন ফোন পাননি।"
সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, "সম্ভবত নিজের সস্তা প্রচারণার জন্য বান্টি এই কাজটি করেছে। অপরাধ জগতে নিজের আসন পাকাপোক্ত করতে সে এই কাজ করে থাকতে পারে। আর এর জন্য সে অবৈধভাবে গণমাধ্যমকে ব্যবহার করেছে।"
বান্টি পান্ডে এর আগে সন্ত্রাসী ছোটা রাজনের সঙ্গে কাজ করত। পরে সে ভারত নেপালী এবং অজয় মহিতের সঙ্গে মিলে নিজেই একটি অপরাধীচক্র গড়ে তোলে।
বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এবি/এমআইআর /১৮৩৮ ঘ
bdnews24