ডিসেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আবারও উপস্থাপক হয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। চ্যানেল আই'র পর্দায় একটি ইনস্ট্রুমেন্টাল নির্ভর অনুষ্ঠান নিয়ে হাজির হবেন এই ব্যান্ড তারকা ও গিটারিস্ট। অনুষ্ঠানটির নাম 'সা টু সা'। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আরেক সঙ্গীতশিল্পী ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল।
এর আগে আরটিভিতে প্রচারিত সংগীত বিষয়ক ব্যতিক্রমী অনুষ্ঠান 'আরমিউজিক' উপস্থাপনা করে উপস্থাপক হিসেবে বাচ্চু জনপ্রিয়তা লাভ করেন।
৯ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানের একেকটি পর্ব নির্মিত হবে একেকটি বাদ্যযন্ত্রের ওপর। প্রতি পর্বের ব্যাপ্তিকাল ২২ মিনিট করে। প্রতি পর্বে থাকবেন একজন করে দেশসেরা সংগীতযন্ত্রবাদক।
অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে উপস্থাপক আইয়ুব বাচ্চুর আলাপচারিতা ছাড়াও থাকবে যন্ত্রবাদক ও সংশ্লিষ্ট যন্ত্র সম্পর্কিত নানা তথ্যের উপস্থাপন। প্রতিটি পর্বেই সহায়ক যন্ত্রবাদক হিসেবে থাকবেন এলআরবি ব্যান্ডের সদস্যরা।
'সা টু সা'র বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছেন বেহালাবাদক সুনীল, বাঁশিবাদক মুনির হোসেন, তবলাবাদক মিলন ভট্টাচার্য, তারসানাইবাদক একরাম, গিটারবাদক অর্ণব এবং আইয়ুব বাচ্চু নিজে।
প্রাথমিকভাবে ১৩ পর্বের শুটিং করে অনুষ্ঠানটির প্রচার হবে।
এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, "একটি ইনস্ট্রুমেন্ট নির্ভর অনুষ্ঠান করব এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ও পরিকল্পনা। এতদিন ব্যাটে-বলে মেলেনি, তাই করা হয়নি। চ্যানেল আই-এর সঙ্গে মিলে গেছে, তাই অনুষ্ঠানটি করছি।"
আইয়ুব বাচ্চু আরো বলেন, "মিউজিক হলো গানের প্রাণ। পৃৃথিবীর সব দেশেই মিউজিশিয়ানদের ব্যাপক কদর। শুধু মাত্র আমাদের দেশে মিউজিশিয়ানদেরকে অনেকেই দাম দিতে চায় না। আর দেশীয় এমন অনেক বাদ্যযন্ত্র রয়েছে যেগুলো কালের প্রবাহে হারিয়ে যাচ্ছে। এসব ভাবনা থেকেই অনুষ্ঠানটির পরিকল্পনা করেছি।"
উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনাও করছেন আইয়ুব বাচ্চু নিজেই।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/২৩৪১ ঘ.
bdnews24