ডিসেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবিবার বিয়ে হয়ে গেল মডেল ও অভিনেত্রী কুসুম সিকদারের। রাত ৮ টায় ঢাকার সেনাকুঞ্জ অডিটরিয়ামে কুসুমের বিয়ের আনুষ্ঠিকতা সম্পন্ন হয়।
কুসুম জানান, তার বরের নাম লায়েস। লায়েস বাংলাদেশ বিমানের একজন পাইলট। বিয়ের অনুষ্ঠানে বর-কনের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবী ও মিডিয়ার বিভিন্ন তারকারা উপস্থিত থাকবেন।
শুক্রবার ৭ নভেম্বর বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টারে কুসুম সিকদারের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের শেষের দিকে কুসুম ও লায়েসের বাগদান সম্পন্ন হয়েছিল। বিয়ের অনুভূতি জানাতে গিয়ে কুসুম সিকদার বলেন, " নতুন জীবনে প্রবেশ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।"
বিয়ের পর অভিনয়ে নিয়মিত হওয়া- না- হওয়া প্রসঙ্গে কুসুম সিকদার বলেন, "আমি এমনিতেই কাজ কম করি। বিয়ের পর হয়তো আরও কম করতে হবে। তবে অভিনয় থেকে চিরতরে বিদায় নেব না।"
আনন্দধারা-লাক্স ফটোজনিক ২০০৪-এর শিরোপা জিতে মিডিয়াতে কুসুমের যাত্রা শুরু হয়েছিল।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৭২৭ ঘ
bdnews24