ডিসেম্বর ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাঙালি ললনা বলেই পরিচিতি তার। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে বলিউডের ছবিতেই অভিনয় করেছেন বিপাশা বসু। এবারই প্রথম বারের মতো কলকাতার টালিগঞ্জে বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা প্রসেনজিৎ। ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বিপাশা। সাক্ষাৎকারে বিপাশা তার বাংলা ছবি ও বাংলা ছবির শিল্পীদের সম্পর্কে নানান কথা বলেছেন। ওয়েবসাইট অবলম্বনে এখানে সেই কথোপকথনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।
প্রশ্ন : আপনি যখন কলকাতায় ছিলেন তখন কি আপনি প্রসেনজিৎ এর ভক্ত ছিলেন?
বিপাশা : সত্যি বলতে কী, আমি উঠতি বয়সে প্রসেনজিৎ এর তেমন কোন ছবি দেখিনি। আসলে সে সময়ে আমি ছিলাম বইয়ের পোকা। তাছাড়া পড়ালেখাতেও বেশ মনোযোগী ছিলাম। আর আমি সে সময় মিঠুন চক্রবর্তীর ছবির প্রতিই বেশি আগ্রহী ছিলাম। আমি সবসময় মিঠুন চক্রবর্তীর অভিনয় আর স্টাইলের প্রশংসা করি।
প্রশ্ন : তাহলে কি বলা যায় আপনার প্রথম বাংলা ছবিতে মিঠুনকে মিস করছেন?
বিপাশা : আসলে আমি তেমনভাবে কোন কিছুই মিস করছি না। আমি তো প্রসেনজিৎ এর সঙ্গে অভিনয় করতে যাচ্ছি। মিঠুন একজন মেধাবী অভিনেতা। অগ্নিপথের কথা মনে করে দেখুন। এই ছবিতে অমিতাভ বচ্চন এবং মিঠুন খুব ভালো অভিনয় করেছেন। আমি এখনো 'মৃগয়া' ছবিতে তার অভিনয়ের কথা ভুলতে পারি না।
প্রশ্ন : ভালোবাসাকে আপনি কিভাবে দেখেন?
বিপাশা : এটা আসলে একটা মানসিক অবস্থা। কেউই পরিকল্পনা করে প্রেমে পড়তে পারে না। এটা আসলে হয়ে যায়।। ভালোবাসা একটা স্বতঃস্ফুর্ত আবেগ।
প্রশ্ন : কারও প্রতি ভালোবাসার আবেগ আর নেই, এটা কি কোনভাবে বোঝা সম্ভব?
বিপাশা : আমার ধারণা, ভালোবাসা কখনো মরে না। সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কারো সঙ্গে আমার সম্পর্ক ছিল এমন কাউকে আমি কখনোই ঘৃণা করতে পারি না। উদাহরণ হিসেবে দিনো মারিনোর কথাই ধরুন। ওর জন্য এখনো আমার অনেক ভালোবাসা জমা হয়ে আছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭৪৫ ঘ
bdnews24