২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ার চলচ্চিত্র উৎসব বর্জন করেছেন মিঠুন

চলচ্চিত্র শিল্প শ্রমিকদের পক্ষ নিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী বর্জন করলেন ৩৮ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ভারতের গোয়ায় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 10:44 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ডিসেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্র শিল্প শ্রমিকদের পক্ষ নিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী বর্জন করলেন ৩৮ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ভারতের গোয়ায় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। শুরু থেকেই 'ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ফেডারেশন' গোয়ার ফিল্ম ফেস্টিভ্যাল বর্জন করে আসছে। ফেডারেশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিঠুন চক্রবর্তীও সিদ্ধান্ত নিয়েছেন উৎসবে অংশগ্রহণ করবেন না। মিঠুন বলেন, "আমি বুঝি উৎসবে তারকাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। কিন্তু ছবি তৈরিতে টেকনেশিয়ান এবং কর্মীদের অবদানও আপনি অস্বীকার করতে পারেন না। আমি সবসময় চলচ্চিত্র শিল্প শ্রমিক এবং কর্মীদের জন্য উদ্বিগ্ন বোধ করি এবং তাদের প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।" মিঠুন বলেন, "আমি বিগত ১৪ বছর ধরে 'এ্যালায়েড মজদুর ইউনিয়নে'র সভাপতির দায়িত্ব পালন করছি। এই দীর্ঘ সময়ে আমি বুঝতে পেরেছি সেটে কঠোর পরিশ্রম করে যে শ্রমিকরা তাদের সমস্যার কথা শোনার মতো কেউ নেই।" মিঠুন দাবি জানান, "সেটের লাইটম্যান,স্পটবয় এবং টেকনেশিয়ানরা যথাযথ সম্মান পান না। তাদের সেই মর্যাদা দেয়া হোক।" এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিঠুন অভিনীত ও সমীর চন্দ পরিচালিত 'একটি নদীর গল্প' দেখানো হচ্ছে। ছবিতে গ্রামের এক বৃদ্ধ ডাকপিয়নের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন। মিঠুন বলেন, "আমি সমীর চন্দের সঙ্গে ছবির প্রিমিয়ারে হাজির থাকতে চেয়েছিলাম। কিন্তু একইসঙ্গে আমার দায়িত্ব আর অনুভূতির জায়গাটাও ঠিক রাখতে চাই। তাই আমি উৎসব বর্জন করেছি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৬৪১ ঘ