নভেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এশিয়ান আইডলে যোগ দিতে যাচ্ছেন প্রথম ইন্ডিয়ান আইডল বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত। ডিসেম্বরে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এই গানের প্রতিযোগিতা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অভিজিতের জন্য এই প্রতিযোগিতা একটু কঠিনই হবে। কারণ এখানে আঞ্চলিক গানের পাশাপাশি ইংরেজি গানও গাইতে হবে। অভিজিৎ হিন্দি গানে যতটা সাবলীল ইংরেজিতে ততটা নন। তাই এখন ইংরেজিতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
অভিজিৎ বলেন, "এশিয়ান আইডল অবশ্যই একটা বড় প্লাটফর্ম। বিশেষ করে এশিয়ার অন্য দেশগুলো থেকে অনেক গায়ক আসবেন। আমি এখন নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন রিহার্সাল করছি আর প্রশিক্ষণ নিচ্ছি। প্রতিযোগিতায় আমাকে তিনটি গান গাইতে হবে আঞ্চলিক ভাষায়, বাকী তিনটি গান গাইতে হবে ইংরেজিতে। ইংরেজিতে গান গাইতে আমি খুব সহজ বোধ করি না, বিশেষ করে অতো দর্শকের সামনে। সে জন্য আমি একজন প্রশিক্ষকের কাছে সঠিক উচ্চারণগুলো শিখে নিচ্ছি।"
এশিয়ান আইডলের ফরম্যাট ইন্ডিয়ান আইডলের মতোই। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে গায়করা অংশ নেবেন এই প্রতিযোগিতায়।
প্রতিদিনের অনুষ্ঠান দেখে দর্শকরা ভোট দিয়ে বিজয়ী নির্বাচন করবেন।
তবে নির্বাচন প্রক্রিয়া একটু ভিন্ন। প্রত্যেক ভোটার দুজনকে ভোট দেবেন। যেমন একজন ভারতীয়কে অভিজিৎ সাওয়ান্তকে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য একজন প্রতিযোগীকেও ভোট দিতে হবে।
এদিকে ৪ ডিসেম্বর অভিজিৎ তার দীর্ঘ দিনের বান্ধবী শিল্পা এদোয়াঙ্কারকে বিয়ে করতে যাচ্ছেন। ৭ তারিখে এই জুটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।
অভিজিৎ জানান, "এশিয়ান আইডলের প্রস্তুতি নিতেই আমি বেশি ব্যস্ত। বিয়ের অনুষ্ঠানের জন্য কোন সময়ই দিতে পারছি না। আমার পরিবারই ও দিকটা সামলাচ্ছেন।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৫৭ ঘ
bdnews24