নভেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মাধুরীর নতুন ছবি 'আজা নাচলে'র কাহিনীর সঙ্গে অদ্ভুতভাবে ব্রাজিলের একটি ছবির মিল লক্ষ্য করা গেছে। খবর ভারতীয় ওয়েকসাইটের।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্রাজিলের 'জুজা রিকোয়েব্রা' ছবির কাহিনীতে দেখা যায় এক ডান্স অ্যাকাডেমির সাবেক ছাত্রী তার শিক্ষা প্রতিষ্ঠানটিকে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি হওয়ার হাত থেকে বাঁচাতে চায়।
সে একটি স্থানীয় নাচের দলকে প্রশিক্ষন দেয় যাতে তারা একটি নাচের প্রতিযোগিতায় জিততে পারে এবং পুরস্কারের অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি রক্ষা করে।
'আজা নাচলে' ছবিতে মাধুরী 'দিয়া' চরিত্রে অভিনয় করেছেন। দিয়াও নিউ ইয়র্ক থেকে ভারতে এসে অজন্তা থিয়েটার রক্ষা করার চেষ্টা করে। এই প্রতিষ্ঠানেই সে একসসময় নাচ শিখত। সে স্থানীয় কয়েকজনকে নাচের প্রশিক্ষন দিয়ে প্রতিষ্ঠানটি বাঁচাতে চেষ্টা করে।
বলিউডের চলচ্চিত্র শিল্পের এক পর্যবেক্ষক মন্তব্য করেন, "ছবি দুটোর মুল কাহিনী একই কিন্তু 'আজা নাচলে' ছবিতে কিছু নির্দিষ্ট চরিত্র ও তার পরিণতি একদম খাস ভারতীয় বানানো হয়েছে। আর 'জুজা রিকোয়েব্রা' হলিউডের মুল ধারার কোন ছবি নয়। ছবিটি শুধু দক্ষিন আমেরিকাতেই ব্যবসা সফল হয়েছিল।"
এ ব্যাপারে 'আজা নাচলে' ছবির পরিচালক অনিল মেহতাকে জিজ্ঞেস করলে তিনি জানান, "আমরা এখানে রিমেক করতে বসিনি। আর আপনি যদি বলেন, আমার ছবিটি অন্য কোন ছবির মতো তাহলে আমি খুব কষ্ট পাব। যদি এই ছবিটি অন্য কোন ছবির সঙ্গে মিলে যায়, তাহলে এ নিয়ে বাকবিতন্ডা করতে যাব না।"
অনিল অবশ্য বলেন যে 'আজা নাচলে'র চিত্রনাট্য অনন্য কিছু নয়। এর সঙ্গে অন্য কোন কাহিনী মিলে যেতেও পারে। তবে তার জানামতে এই ছবির কাহিনীটা এসেছিলো আদিত্য চোপড়ার মাথা থেকে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২০৫৫ ঘ
bdnews24