২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইত্যাদি' ৩০ নভেম্বর এর আয়োজন

৩০ নভেম্বর রাত ৯টায় সাবিনা ইয়াসমীনকে নিয়ে দর্শকদের সামনে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। বরাবরের মতন ব্যতিক্রমী সব বিষয় থাকবে এবারের পর্বেও। অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 10:22 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

নভেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ৩০ নভেম্বর রাত ৯টায় সাবিনা ইয়াসমীনকে নিয়ে দর্শকদের সামনে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। বরাবরের মতন ব্যতিক্রমী সব বিষয় থাকবে এবারের পর্বেও। অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর নন্দিত শিল্পী সাবিনা প্রথমবারের দর্শক শ্রোতাদের সামনে আসছেন এ পর্বের 'ইত্যাদি'র মাধ্যমে। ৯ নভেম্বর তার কণ্ঠে গান রেকর্ড করা হয় এবং ষ্টুডিওতে দর্শকদের সামনে গানটির চিত্রায়ন হয় ১৯ নভেম্বর। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রূপু। এছাড়াও এবারের আয়োজনে রয়েছে একটি দ্বৈত সঙ্গীত। জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফরের সঙ্গে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন 'ইত্যাদি'র আবিস্কার শিল্পী আকবর। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আলী আকবর রূপু। রিপোর্টিং পর্বে চুল দিয়ে কিছু অভিনব ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছেন নীলফামারী জেলার ভ্যান চালক রবিউল ইসলাম। কক্সবাজার জেলার উখিয়া থানার জনৈক কিশোরী খেলুরানী ধরের উপর রয়েছে একটি মর্মষ্পর্শী প্রতিবেদন। শারীরিক প্রতিবন্ধকতা এবং নানান প্রতিকূল পরিবেশে শিক্ষার আলোয় আলোকিত হবার জন্য এই কিশোরী কঠিন পরিশ্রম করে যাচ্ছে প্রতি দিন। নতুন প্রতিভা পর্বে রয়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দুই কিশোর সুষেন ও শ্যামলের কাদামাটি দিয়ে করা শিল্পকর্মের উপর একটি নান্দনিক প্রতিবেদন। রয়েছে মাদারীপুর জেলার কেন্দুয়ার এবিসিকে কলেজের উপর ফলোআপ। গ্রামবাসীদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই কলেজটির উন্নয়নের জন্য 'ইত্যাদি'র এক অনুষ্ঠানে পাঁচ লক্ষ টাকা দেয়া হয়েছিল। এবারের মামা ভাগ্নে পর্বেও রয়েছে ব্যতিক্রম। মামার বাধার কারনে মৌসুমী ব্যবসায়ী ভাগ্নে কোন ব্যবসা শুরু করতে না পারলেও সে থেমে নেই। একের পর এক পরিকল্পনা করেই চলেছে - এবারও রয়েছে নুতন ব্যবসা? চলছে হেমন্তকাল। নবান্নের এই ঋতুকে সামনে রেখে এবারের দর্শক পর্ব সাজানো হয়েছে। গত কয়েক পর্ব থেকেই 'ইত্যাদি'তে দর্শক পর্বের দর্শক নির্বাচনের জন্য 'ইত্যাদি'র ইউনিট দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন কুইজের মাধ্যমে দর্শক নির্বাচন শুরু করেছে। এবারের ৬ জন দর্শককে বাছাই করা হয়েছে বরিশাল থেকে। এছাড়াও এবারের 'ইত্যাদি'তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বিভিন্ন নাট্যাংশ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আসন্ন ঈদ উপলক্ষে গরুর বেপারীর চিন্তাভাবনা, ক্যাসেট শিল্পীর সাক্ষাৎকার, ধনী ও সুখী, বিজ্ঞাপন নির্মাতা, টকশো, মহড়া কক্ষ, মেহমান ও উপহার ইত্যাদি বিভিন্ন বিষয়ে নাট্যাংশগুলো করা হয়েছে। প্রতিটি নাট্যাংশেই রয়েছে বিনোদনের পাশাপাশি আমাদের সামাজিক অসংগতিকে ঘিরে তীব্র ব্যাঙ্গ বিদ্রুপের কষাঘাত। নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়- ব্যাপক আয়োজনে নির্মিত ঈদের 'ইত্যাদি' প্রচারিত হবার পর এবারের 'ইত্যাদি' নির্মান করা হয়েছে মাত্র ১৫ দিনের প্রস্তুতিতে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬১৯ ঘ