নভেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট বলিউড তারকা সঞ্জয় দত্তের জামিন মঞ্জুর করেছে। ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার আসামীদের অন্যতম দত্ত অস্ত্র আইনে ৬ বছরের সশ্রম কারাদন্ড ভোগ করছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সঞ্জয়ের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত তাকে পাসপোর্ট সমর্পণ ও বন্ড সাক্ষর করার নির্দেশ দেন।
সিবিআই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করেনি।
আদালতের নির্দেশ শোনার পর দত্তের আইনজীবী করন সিং বলেন যে বলিউড অভিনেতা এখন তার জীবনকে একটু গুছিয়ে নিতে চান।
সঞ্জয় এখনো পুনের ইয়েরওয়ারা জেলে কারাদন্ড ভোগ করছেন। আনুষ্ঠানিকতা শেষ করে জেলের বাইরে আসতে তার আরও দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন করন সিং।
সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জানার পর স্বস্তি প্রকাশ করেন। তিনি বলেন যে তার পরিবার এখন খুব খুশি। বিচার ব্যবস্থার প্রতি তার পরিবারের আস্থা পুনর্ব্যক্ত করেন কংগ্রেস সদস্য।
সঞ্জয়ের সঙ্গে তার বন্ধু ইউসুফ মোহসিন নালওয়ালার জামিনও মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। স্বাস্থ্যগত সমস্যার কারণে যাবজ্জীবন প্রাপ্ত কাস্টম অফিসার সোমনাথ থাপার জামিনও মঞ্জুর হয়। তবে বিশেষ আদালত কর্তৃক যাবজ্জীবনপ্রাপ্ত বাদবাকী আর কারও জামিন মঞ্জুর হয়নি।
জামিনপ্রাপ্ত সকলকে মুম্বাইয়ে সিবিআইয়ের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে প্রতি মাসে একবার রিপোর্ট করতে হবে বলে নির্দেশ দেয় আদালত।
একইসঙ্গে আগামী ৬ মাসের মধ্যে মুম্বাই বোমা হামলা সংক্রান্ত যে কোন ধরনের শুনানী স্থগিত ঘোষণা করেছে আদালত। ফলে এই সময়টুকু দত্ত জেলের বাইরে থাকতে পারবেন, এটা নিশ্চিত।
এর আগে দত্তের আইনজীবী অভিনেতার সদাচরণের উল্লেখ করে আদালতের কাছে জামিনের আর্জি জানান। তিনি বলেন যে গত এক দশকের বেশি সময় ধরে তার মক্কেল বিভিন্ন সময়ে জামিনে থাকা কালে কখনো আইন ভঙ্গ করেননি।
২০০৬ সালের ২৮ নভেম্বর মুম্বাইয়ের টাডা কোর্ট সঞ্জয়কে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার মামলায় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে এবং এ বছরের ৩১ জুলাই তাকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দেয়।
কিন্তু মামলার রায়ের কপি হাতে না পাওয়ায় সঞ্জয়ের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ২০ আগস্ট তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। ২৩ অক্টোবর তার হাতে রায়ের কপি আসে। এরপর থেকে তিনি ফের ইয়েরওয়ারা জেলে কারাদন্ড ভোগ করছিলেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬০৬ ঘ
bdnews24