নভেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'তিনটি অঞ্চলে হরষিত জিতলেও উত্তরের বিপুল ভোটে জয়লাভে কোন অসুবিধা হয় নি আমার।' বলেছেন ইস্মিত সিং। ভারতের স্টার চ্যানেল এর ভয়েস অফ ইন্ডিয়া রিয়ালিটি শো'র এই বিজয়ী তারকা এখন আনন্দে ভাসছেন। ভারতীয় এক ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন বিজয়ের প্রতিক্রিয়া, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি।
প্রশ্ন : ভারতের দক্ষিন, পূর্ব ও পশ্চিম অঞ্চলের ভোটে হরষিত এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত আপনিই জয়লাভ করেছেন। কেমন লাগল যখন বিজয়ী হিসেবে আপনার নাম ঘোষণা হলো আর হরষিত হেরে গেল?
ইস্মিত : উত্তর ভারত এ ধরনের ভোটাভুটির প্রধান কেন্দ্র। এটাই হিন্দি বিনোদনের প্রাণকেন্দ্র, এখানের লোকজন রিয়ালিটি শো সবচেয়ে বেশি পছন্দ করে। তিনটি অঞ্চলে আমি হরষিতের পিছনে পরে থাকলেও সেগুলো ছিল শতকরা ৫ থেকে ১০ ভাগ ব্যবধানে। ফলে বিপুলভাবে উত্তরের ভোট পেয়ে জয়লাভে অসুবিধা হয়নি আমার।
বিজয়ের মুহূর্ত বর্ণনা করা সম্ভব নয়। তবে ওই সময় একইসঙ্গে হরষিতের জন্য খারাপ লাগছিল আমার। ও আমার খুবই কাছের বন্ধু। সত্যি বলতে কি, যখন বিভিন্ন অঞ্চলের ভোটের ফল ঘোষণার সময় দেখলাম ও আমার থেকে এগিয়ে, আমার ভালই লাগছিল।
প্রশ্ন : অলকা ইয়াগনিক ভয়েস অফ ইন্ডিয়ার সেরা প্রতিযোগী হিসেবে বিজয়ী বা রানার আপের বদলে আভাসকে বেছে নিয়েছেন। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?
ইস্মিত : বিচারকদের পছন্দ একরকম, শ্রোতাদের অন্যরকম। তবে রিয়ালিটি শোতে দর্শকদের ভোটই শেষ পর্যন্ত মূল্য পায়। আভাস যদি বিজয়ী হতো তাতেও আমার কোন সমস্যা ছিল না। কিন্তু শ্রোতারা আমার সঙ্গে ছিল। শ্রোতা যদি পছন্দ না করে তাহলে শিল্পী কখনোই সফল হতে পারে না।
প্রশ্ন : এখন তো অনেক চ্যানেলেই গান নিয়ে এরকম রিয়ালিটি শো হচ্ছে। সেখানে জয়ীও হচ্ছেন অনেকে। তাদের থেকে নিজেকে স্বতন্ত্র প্রমাণ করবেন কীভাবে?
ইস্মিত : ধরুন অনিক ধর বা প্রশান্ত টামাংয়ের কথা। তাদের নিজস্ব কিছু ভক্তগোষ্ঠী আছে। আমি ওই শিল্পীদের সঙ্গে নিজেকে তুলনা করি না। আমি কঠোর পরিশ্রম আর নিজের উপর আস্থার জোরে এ পর্যন্ত এসেছি। জয় লাভের পর এখন আমি রেওয়াজের উপর আরও জোর দিয়েছি।
প্রশ্ন : অভিজিৎ সাওয়ান্ত, কাজী তৌকির, দেবজিৎ সাহার মতো রিয়ালিটি শো'র বিজয়ীরা পরে আর তেমন বড় জায়গায় যেতে পারেনি। কয়েক বছর পর আপনার অবস্থান সম্পর্কে কী ভাবছেন?
ইস্মিত : আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি অন্যরকম। তিন বছর পর আমাকে ফোন দেবেন, তখন আপনি নিজেই পার্থক্যটা টের পাবেন। আমার যে পরিচিতি তৈরি হয়েছে তাকে আমি হারাতে দেব না। একটা কিছু আমি করবই।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
ইস্মিত : আমার প্রথম অ্যালবামের প্রস্তুতি নেওয়ার জন্য আগামী ৪ মাস মুম্বাই থাকতে হবে আমাকে। এখন আমি বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্টেসির একটা কোর্সও করছি। আপাতত পড়াশোনায় একটু ছেদ পরলেও আমি অবশ্যই ডিগ্রি সম্পূর্ণ করব।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪২৮ ঘ
bdnews24