নভেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শনিবার জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষিত হল ভারতের স্টার চ্যানেলের 'ভয়েস অব ইন্ডিয়া' প্রতিযোগিতার বিজয়ীর নাম। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তর প্রদেশের হরষিত সাক্সেনাকে হারিয়ে বিজয়ী হয়েছেন পাঞ্জাবের ছেলে ইস্মিত সিং। তার হাতে পুরস্কার তুলে দেন বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকার। খবর ভারতীয় ওয়েবসাইটের।
চূড়ান্ত ফলাফল ঘোষণার অনুষ্ঠান শুরু হয় শনিবার রাত ১০টার পর মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে। অসংখ্য ভক্ত আর প্রতিযোগীদের অংশগ্রহণে উৎসবের আমেজে ভরপুর ছিল স্টেডিয়াম প্রাঙ্গন।
অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন জনপ্রিয় গায়ক শান। বলিউড তারকা মাধুরী দীক্ষিত এবং কিংবদন্তিতুল্য গায়িকা লতা মঙ্গেশকার ছিলেন এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।
অনুষ্ঠানে ভয়েস অফ ইন্ডিয়ার ১০ প্রতিযোগী নৃত্য গীত পরিবেশন করেন। 'আজা নাচলে' ছবির নাচের সঙ্গে মাধুরী দীক্ষিত আসেন মঞ্চে।
এরপর মঞ্চে প্রবেশ করেন লতা মঙ্গেশকার। লাল পেড়ে সাদা শাড়ি পরে এসেছিলেন তিনি। দর্শকসারিতে বসে ছিলেন তার বোন উষা মঙ্গেশকার।
চূড়ান্ত ফল ঘোষণার আগে নাচ গানের ফাঁকে ফাঁকে দেশের উত্তর, দক্ষিন ও পূর্ব অঞ্চলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়। তাতে এগিয়ে ছিলেন হরিষত সাক্সেনা। কিন্তু পাঞ্জাব প্রদেশসহ বাকী অঞ্চলের ফলাফল এর বদলে একেবারে চূড়ান্তভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
মাধুরী দীক্ষত নেনে খাম খুলে বের করেন বিজয়ীর নাম লেখা লেফাফা, লতাজী পড়ে শোনান, 'এবং বিজয়ীর নাম ইস্মিত'।
আনন্দে লাফিয়ে ওঠেন ইস্মিত, তার চোখে দেখা যায় আনন্দাশ্র"। অন্য দিকে হরষিতের বেদনা ছিল চরম। কারণ ঘোষিত তিনটি অঞ্চলের সবকটিতে ভোটে এগিয়ে ছিলেন তিনি। দক্ষিন অঞ্চলে তিনি পেয়েছেন শতকরা ৫৫ ভাগ ভোট, পশ্চিমে পেয়েছেন ৬০ ভাগ, পূর্ব অঞ্চলে পেয়েছেন ৫২ ভাগ ভোট।
বিজয়ী ও পরাজিতের ভোটের ব্যবধান সম্পর্কে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।
ফল ঘোষণার আগেই লতা মঙ্গেশকার চুড়ান্ত পর্বের দুই প্রতিযোগীকে আশীর্বাদ করেন ও তার পক্ষ থেকে দুজনকেই স্বরাঞ্জলি নির্মিত দুটো হীরের ঘড়ি উপহার দেন। লতা বলেন, "আমি মনে করি এরা দুজনেই বিজয়ী। আমি আর উষা (লতার বোন উষা মঙ্গেশকার) বিশেষভাবে ডিজাইন করিয়ে এদের জন্য ঘড়ি তৈরি করে এনেছি। এই ঘড়ির মধ্যে একটা সুরের চাবি আছে যাতে সঙ্গীতপ্রেমী যখন ইচ্ছা গান শুনতে পারবেন।"
বিজয়ী ইস্মিত একটি ট্রফি ছাড়াও পুরস্কার হিসেবে পেলেন বিগ মিউজিকের সঙ্গে ৩ বছরের চুক্তি, ১০ লক্ষ রুপির চেক, একটা লাল শেভ্রলে গাড়ি।
জুরিদের বিচারে সেরা গায়কের পুরস্কার পান ১৭ বছরের প্রতিযোগী আভাস। এই প্রতিযোগিতার বিচারক ছিলেন অলকা ইয়াগনিক, যতীন পন্ডিত, আদেশ শ্রীবাস্তব ও ললিত পন্ডিত।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬৩৯ ঘ
bdnews24