নভেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কোরবানির ঈদের জন্য নিজের রচনায় একটি এক ঘন্টার নাটক নির্মাণ করতে যাচ্ছেন বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। নাটকের নাম 'একটি গতানুগতিক প্রেমের গল্প'।
নিটোল একটি প্রেমের আবেগময় ঘটনাকে ঘিরে গড়ে ওঠেছে এর গল্প। নাটকটিতে প্রেমিক ও প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন ইরেশ যাকের ও জেনি।
এ মাসের শেষের দিকে শুটিং শুরু হবে নাটকটির। নাটকটি নির্মিত হবে অমিতাভ রেজার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউন থেকে।
নাটকটি প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, "এ নাটকের মাধ্যমে আমি দর্শকদের একটি সুন্দর প্রেমের গল্প উপহার দিতে চেষ্টা করছি। আমি আশাবাদী দর্শক এটি পছন্দ করবেন।"
ঈদের অনুষ্ঠানমালায় নাটকটি এনটিভিতে প্রচার করা হবে।
এর পাশাপাশি অমিতাভ রেজা আগামী মাসের মাঝামাঝি সময়ে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'প্লাটফর্ম'-এর শুটিং শুরু করবেন। এ চলচ্চিত্রের ব্যাপারে অমিতাভ বলেন, "প্লাটফর্ম' চলচ্চিত্রটির গল্প অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এটি মূলত মা ও মেয়ের মধ্যকার সম্পর্কের টানাপড়েনের গল্প। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমি ৩৫ মিলিমিটারে ধারণ করব। ছবিতে হুমায়ুন ফরীদি ও আফসানা মিমি অভিনয় করবেন।
'প্লাটফর্ম'কে রেজা তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রস্তুতি হিসেবে দেখছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৪২ ঘ
bdnews24