নভেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে দাড়ালেন অভিনেতা জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। চয়নিকা চৌধুরীর একক নাটক 'নির্জন স্বাক্ষর' এ একসঙ্গে কাজ করেছেন দুই অভিনেতা।
এর আগে তারা দুজনে অরুণ চৌধুরীর ১৩ পর্বের ধারাবাহিক নাটক 'ছোট ছোট ঢেউ' এ একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর একসঙ্গে এক ঘণ্টা কিংবা ধারাবাহিক কোন নাটকে দেখা যায়নি তাদের।
'নির্জন স্বাক্ষর' নাটকটির মাধ্যমে অভিনেত্রী অপি করিম ও জয়া আহসানও প্রথম একসঙ্গে কাজ করছেন।
নাটকের গল্প লিখেছেন ডাক্তার নজরুল ইসলাম। ১৭ নভেম্বর শনিবার থেকে শুটিং শুরু করেছেন চয়নিকা চৌধুরী। চলবে একটানা তিনদিন।
নাটকটি প্রচারিত হবে কোরবানির ঈদে এনটিভির বিশেষ অনুষ্ঠানমালায়।
চয়নিকা চৌধুরী বলেন, "কাহিনীর প্রয়োজনেই আলোচিত চার তারকাকে একসঙ্গে নিয়েছি আমি। যদিও এদের একসঙ্গে করাটা অনেক কষ্টসাধ্য ছিল। ওরা কথা রেখেছে বলে খুশি লাগছে। আশা করি, ওদেরকে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের কাজ করতে পারব।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯০৪ ঘ
bdnews24