নভেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'কৃশ' ছবির ব্যাপক সাফল্যের কথা মাথায় রেখে বলিউডে ছবিটি নিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। পারসেপ্ট পিকচার কোম্পানি এই সুপারহিরোকে নিয়ে আরেকটি ছবি বানাতে যাচ্ছে। এ ব্যাপারে নির্মাতা রাকেশ রোশানের সঙ্গেও কথাবার্তা বলছে তারা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
পারসেপ্ট পিকচার তাদের ছবিতে দেখাতে চাচ্ছে, কৃশের একটি ছেলে আছে। আর এই বাচ্চাকে অর্থাৎ জুনিয়র কৃশকে নিয়েই ছবির কাহিনী।
রাকেশ রোশান তাদেরকে ছবিটি নির্মানের অনুমতি দেবেন কিনা তার উপর নির্ভর করছে বাকী সবকিছু। জুনিয়র কৃশ নির্মানের অনুমতির বিনিময়ে পারসেপ্ট পিকচার্স রাকেশকে রয়্যালিটি প্রদান করবে বলে জানিয়েছে।
পারসেপ্ট এর আগে বাচ্চাদের জন্য 'হনুমান' এনিমেশন তৈরি করেছে। তারা বর্তমানে ৮ বছর বয়সী জুনিয়র কৃশের পোশাক পরিচ্ছেদ কী হবে তা নিয়ে ভাবছে। এই প্রতিষ্ঠানের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক শৈলেন্দ্র সিং জানান, "চরিত্রটির খসড়া কাজ শুরু হয়েছে। আমরা এখন চরিত্রটির জন্য সবচে' গুরুত্বপুর্ন কাজ অর্থাৎ তার পোশাক নিয়ে চিন্তা ভাবনা করছি।"
তিনি আরো জানান, "রাকেশ রোশান যদি কোন কারণে এই প্রজেক্টে কাজ করতে না চান তাহলে যেভাবেই হোক আমরা এই কাজটি করব। এই ছবিটি বাচ্চাদের জন্য। এমনকি চরিত্রটির নাম যদি কৃশ না দেয়া সম্ভব হয় তাহলে অন্য কোন নাম দেব।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯০৭ ঘ
bdnews24