২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ নভেম্বর থেকে ফারুকীর নতুন ধারাবাহিক ৪২০

২৩ নভেম্বর থেকে চ্যানেল আইতে শুরু হবে নাটক ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ধারাবাহিক নাটক ৪২০ (ফোর টুয়েন্টি)। প্রতি শুক্রবার ও রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 05:46 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

নভেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২৩ নভেম্বর থেকে চ্যানেল আইতে শুরু হবে নাটক ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ধারাবাহিক নাটক ৪২০ (ফোর টুয়েন্টি)। প্রতি শুক্রবার ও রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। নাটকের কাহিনী গড়ে উঠেছে মন্টু ও কিসলু নামের দুজন বাটপার ও ছিঁচকে চোরকে কেন্দ্র করে। চুরি করার অপরাধে গ্রাম থেকে তাদের তাড়িয়ে দেয়া হয়। গ্রাম থেকে ঢাকায় এসে তাদের অন্তু নামের একজনের সঙ্গে পরিচয় হয়। অন্তু বিভিন্ন মিছিল ও জনসভায় লোক সাপ্লাইয়ের কাজ করে। অন্তুর সূত্র ধরে এই দুই বাটপার স্থানীয় ক্ষমতাসীন নেতাদের সুদৃষ্টিতে পড়েন। আর এটাকে কাজে লাগিয়ে এই দুজন চোর থেকে রাজনৈতিক নেতায় পরিণত হন। এই দুই বাটপারের বিবর্তনের কাহিনী নিয়েই গড়ে উঠেছে ফোর টুয়েন্টি নাটকের কাহিনী। নাটকটি রচনা করেছেন ফারুকী নিজেই। নতুন ধারাবাহিক নাটক প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "আমার আগের ধারাবাহিক নাটক দুটি ছিল পরিবারকে ঘিরে। এবার পরিবার থেকে বের হয়ে এসেছি। আমি একটু অন্য প্রেক্ষাপটে কাজ করতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই এটি করা।" দীর্ঘ দিন বিরতি দিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ প্রসঙ্গে ফারুকী বলেন, "আসলে আমার এই বিলম্বের কারণ আমি নিজেই। কারণ আমি বিজ্ঞাপন নির্মাণ নিয়ে অনেক বেশী ব্যস্ত হয়ে গেছি।" নাটকের কাহিনী প্রসঙ্গে তিনি বলেন, "আমার নাটকের এই চরিত্র সমসাময়িক কিছু রাজনীতিবিদদের প্রতিনিধিত্ব করলেও আমি মনে করি না সকল রাজনৈতিক নেতারাই এমন। আমাদের দেশে অনেক ভালো ও বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন বলেই বাংলাদেশ এতদিন বিশ্বের বুকে টিকে রয়েছে।" নাটকে দুই বাটপারের চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও মোশাররফ করিম। এছাড়া রয়েছেন নুসরাত ইমরোজ তিশা, সোহেল খান, মারজুক রাসেল, নাফিজা জাহান, কচি খন্দকার, নাদের চৌধুরী, রিফাত চৌধুরী প্রমুখ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/২৩৩৬ ঘ.