নভেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) - আর্নল্ড শোয়েজনিগার শুধু হলিউড তারকাই নন, তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নরও বটে। তার এক মুখপাত্র রবিবার জানিয়েছেন, শোয়েজনিগারের পা থেকে একটি ধাতব পাত ও তার সরিয়ে ফেলা হয়েছে। খবর মার্কিন ওয়েবসাইটের।
২৩ ডিসেম্বর স্কি করার সময় তার পা ভেঙে যায়। সে সময় তার পায়ের হাড় জোড়া লাগানোর জন্য এই ধাতব পাত ও তার লাগানো হয়েছিল।
রবিবার লস এঞ্জলস হাসপাতালে ডক্টর কেভিন এরহার্ট ২০ মিনিটের এক শল্য চিকিৎসার মাধ্যমে এই ধাতব পাত ও তার অপসারণ করেন। তিনি জানান, "গভর্নরের স্বাস্থ্য এখন চমৎকার।"
শোয়ের্জনেগারের মুখপাত্র জানান, এ সময় তাকে সাধারন এনেসথেসিয়া দেয়া হয়েছিল। তিনি অপরেশনের পর বাড়ি ফিরে গেছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯৩৫ ঘ
bdnews24