নভেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও 'এই যে দুনিয়া' ছবিটি তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। বড় পর্দায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ১৬ নভেম্বর। এ দিন একযোগে ঢাকাসহ সারাদেশে ছবিটি মুক্তি পাবে।
ঈদুল ফিতরের আলোচিত ছবির তালিকায় ছিল একুশে পদকপ্রাপ্ত গীতিকার এবং বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পরিচালক গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত তারকাবহুল ছবি 'এই যে দুনিয়া'। ঈদে ছবিটি মুক্তি দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মহূর্তে নায়ক মান্নার অনুরোধে ছবিটি ঈদে মুক্তি দেয়া থেকে বিরত থাকেন ছবির পরিচালক গাজী মাজহারুল আনোয়ার।
পারিবারিক গল্পনির্ভর সামাজিক অ্যাকশন ছবি 'এই যে দুনিয়া'র কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার নিজেই।
তারকাবহুল এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, মান্না, মৌসুমী, শাবনূর, জয়, মিশা সওদাগর, জিল্লুর রহমানসহ অনেকেই।
দীর্ঘদিন পর এ ছবির মাধমে একসঙ্গে বড়পর্দায় অভিনয় করেছেন মৌসুমী ও শাবনূর। ছবিতে মৌসুমীর বিপরীতে মান্না আর শাবনূরের সঙ্গে রয়েছে টিভি অভিনেতা জয়।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত 'এই যে দুনিয়া' ছবির পরিবেশনায় রয়েছে গাজী মাজহারুল আনোয়ারের নিজস্ব প্রযোজনা সংস্থা দেশ চিত্রকথা ।
ছবিটি সম্পর্কে পরিচালক গাজী মাজহারুল আনোয়ার জানান, "পারিবারিক গল্পনির্ভর চমৎকার ছবি এটি। ঈদে না এলেও নভেম্বরের ১৬ তারিখে বড় পর্দায় আসছে ছবি। তারকাবহুল অভিনয়সমৃদ্ধ ছবিটি দর্শকদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৩০৬ ঘ
bdnews24