নভেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫৬টি দেশের যে ২৪৭টি ছবি দেখানো হবে তার মধ্যে রয়েছে বাংলাদেশের মোট ৪টি ছবি। এর মধ্যে 'নাচোলের রাণী' ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বিশেষ কৌতুহল রয়েছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক ওয়াহিদুজ্জমান ডায়মন্ড।
উৎসবে একটি ছবি সাধারণত একবারই প্রদর্শিত হয়। কিন্তু বাংলাদেশের নাচোলের রাণী সহ ৩টি ছবির একাধিক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বলে জানান বাংলাদেশ থেকে অংশ নেয়া ছবির একাধিক পরিচালক।
সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের তৈরি 'নাচোলের রানী' গত বছরের উৎসবে কেন যায়নি সে প্রশ্ন উঠেছিল কোন কোনও মহল থেকে। তবে এ বছর সেই আশা পূরণ হচ্ছে। কোলকাতার বামপন্থী নেতারাও ছবিটি দেখার ব্যাপারে বিশেষ আগ্রহী বলে জানান ডায়মন্ড।
জন্ম ও মৃত্যু কোলকাতায় হলেও ইলা মিত্রের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ কেটেছে বাংলাদেশে।
'নাচোলের রাণী' ছবিটি তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জীবনকাহিনী নিয়ে নির্মিত। ইলা মিত্রের নেতৃত্বে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। কয়েক বছর আগে নির্মিত হলেও সেন্সর বোর্ডের বাধার কারণে ছবিটি দীর্ঘদিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
ছবিটির নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ড জানান, "একাধিক সূত্রে আমি জানতে পেরেছি ইলা মিত্রের জীবনকাহিনী নিয়ে নির্মিত 'নাচোলের রানী' ছবিটি নিয়ে কৌতুহলী কোলকাতার দর্শকেরা। আমার বিশ্বাস আমার ছবি তাদের সে কৌতুহল মেটাতে পারবে। উৎসবে প্রর্দশনের জন্য আমার ছবি নির্বাচিত হওয়া আমি সম্মানিত বোধ করছি।"
ইলা মিত্র সম্পর্কে
১৯২৫ সালের ১৮ অক্টোবর কোলকাতার এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ইলা মিত্র। যৌবনে তিনি যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। ১৯৪৫ সালে চাঁপাইনবাবগঞ্জের জমিদার পুত্র রমেন্দ্র মিত্রকে বিয়ে করে চলে আসেন পূর্ববঙ্গে। জমিদার বংশের ছেলে হওয়া সত্ত্বেও রমেন্দ্র নিজেও কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন।
বিয়ের পর চাঁপাই রাজশাহী এলাকার সাঁওতালদের নিয়ে ইলা মিত্র গড়ে তোলেন কৃষক আন্দোলন যা তেভাগা নামেই বেশি পরিচিত। কৃষকরা তাকে ডাকতেন 'রাণীমা' বলে। ১৯৫০ সালের ৫ জানুয়ারি রাজশাহীতে কৃষক অন্দোলন চলাকালে পুলিশের হাতে ধরা পরে অমানবিক নির্যাতনের শিকার হন ইলা মিত্র। তাকে আজীবন কারাদন্ড দেয়া হয়।
নির্যাতনে অসুস্থ হয়ে পরলে পাকিস্তান সরকার প্যারোলে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য তাকে কোলকাতা পাঠিয়ে দেয়। কারাদন্ড এড়াতে তিনি আর পাকিস্তানে ফিরে যাননি। ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে সক্রিয়ভাবে রাজনীতি করতে থাকেন।
১৯৬২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ৪ বার পশ্চিমবঙ্গের বিধানসভার সভ্য নির্বাচিত হন ইলা মিত্র। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে তিনি অনেক সহায়তা করেন।
২০০২ সালের ১৩ অক্টোবর কোলকাতায় মারা যান এই বিপ্লবী নেত্রী।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১২৪৭ ঘ
bdnews24