২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ

১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের ৪টি ছবিসহ উৎসবে ৫৬টি দেশের ২৪৭টি ছবি দেখানো হবে। উৎসবে যোগ দেবেন ৪০ জনেরও বেশি পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 06:52 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

নভেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের ৪টি ছবিসহ উৎসবে ৫৬টি দেশের ২৪৭টি ছবি দেখানো হবে। উৎসবে যোগ দেবেন ৪০ জনেরও বেশি পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রী। শনিবার কোলকাতার নন্দনে পশ্চিমবঙ্গের মূখ্য মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে উৎসবের ঘোষণা দিয়ে জানান, ১৩ তম কোলকাতা চলচ্চিত্র উৎসবের সময় নির্ধারণ করা হয়েছে নভেম্বরের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত। সপ্তাহব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। উৎসবে যেসব ছবি দেখানো হবে তার অধিকাংশই ২০০৬ ও ২০০৭ সালে তৈরি। কলকাতার ১১টি প্রেক্ষাগৃহে এই উৎসবের ছবিগুলো দেখানো হবে। এবারের উৎসবে বাংলাদেশের ৪টি ছবি দেখানো হবে। ১২ই নভেম্বর উত্তর কলকাতার স্টার থিয়েটারে এনামুল করিম নির্ঝরের 'আহা' দিয়ে বাংলাদেশের ছবির প্রদর্শনী শুরু হবে। তৌকীর আহমেদের 'রূপকথার গল্প', আবু সাঈদের 'নিরন্তর' ও সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের তৈরি 'নাচোলের রানী' ছবিগুলো দেখানো হবে ১৩, ১৪ ও ১৫ই নভেম্বর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে। এবার উৎসবে প্রদর্শিতব্য ছবির তালিকায় দক্ষিন আমেরিকা এবং ইউরোপের ছবি প্রাধান্য পেলেও ইরানি এবং বাংলাদেশি ছবি নিয়ে দর্শকদের রয়েছে বিশেষ আগ্রহ। উৎসবের ভারতীয় অংশে থাকবে বেশ কিছু পুরোনো ও নতুন ছবি। প্রতিষ্ঠিত পরিচালক শ্যাম বেনেগালের ছবির পাশাপাশি নতুন পরিচালক রাজশ্রী ওঝাএবং সামির চান্দার ছবি প্রদর্শিত হবে। আশা করা হচ্ছে এবারের উৎসবে আর্জেন্টেনিয় কিংবদন্তীর চলচ্চিত্র নির্মাতা ফার্নান্দো এজওয়েকেল পিনো সোলানাস অংশগ্রহণ করবেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এফবি/এমআইআর/১২৪২ ঘ