২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাঁশি' মুক্তি পাচ্ছে ১৬ নভেম্বর

আবু সাইয়ীদ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'বাঁশি' ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। ২২ সেপ্টেম্বর সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে ছবিটি। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন পরিচালক আবু সাইয়ীদ নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 01:26 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

নভেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আবু সাইয়ীদ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'বাঁশি' ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। ২২ সেপ্টেম্বর সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে ছবিটি। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন পরিচালক আবু সাইয়ীদ নিজেই। ঐতিহ্যবাহী গ্রামীণমেলা ও সংস্কৃতিকে ঘিরে এ ছবির কাহিনী আবর্তিত হয়েছে। আরিফ, যার স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ, রাজধানী ঢাকা থেকে দূরবর্তী গ্রামে মেলা দেখতে যায়। পথিমধ্যে তার সঙ্গে পরিচয় হয় শায়লার। একই গ্রামের দুই প্রভাবশালী পরিবার, ভূঁইয়া ও খাঁ পরিবার। শায়লা খাঁ বাড়ির অতিথি আর আরিফ ভূঁইয়া বাড়ির অতিথি। তারা দু'জন গ্রাম দেখে অভিভূত হয়। কিন্তু এক পর্যায়ে খাঁ ও ভূঁইয়া পরিবারের মধ্যে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হলে দু'জনেই অস্বস্তিতে পড়ে। সেই ঝগড়া এক সময় চরম আকার ধারণ করে। স্বপ্ন ও বাস্তবতা নিয়ে আরিফের মনে নানারকম দ্বন্দ্ব সৃষ্টি হয়। কিন্তু হতাশার মধ্যেও আরিফ খুঁজে পায় নতুন এক দৃশ্যের, যে দৃশ্য সে কল্পনায় দেখেছে তার ছবির জন্য। ছবিতে আরিফ চরিত্রে মামুনুল হক ও শায়লার ভূমিকায় অভিনয় করেছেন টিভি অভিনেত্রী তানভীন সুইটি। এটি সুইটি অভিনীত প্রথম চলচ্চিত্র। এছাড়াও ছবিতে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আমীরুল হক চৌধুরী, কে এস ফিরোজ, আফরোজা বানু, সায়কা আহমেদ, আমিন আজাদ, খলিলুর রহমান কাদেরীসহ অনেকেই। গত ফেব্রুয়ারি মাসে বগুড়া জেলার ধুনট থানার ভাণ্ডারবাড়ী গ্রামে এ ছবির চিত্রগ্রহণের কাজ সম্পন্ন হয়। আঙ্গিক কমিউনিকেশনস প্রযোজিত ছবিটির চিত্রগ্রহণে ছিলেন মুজিবুল হক ভূঁইয়া, সম্পাদনায় জুনায়েদ হালিম, সংগীত পরিচালনায় এসআই টুটুল, শিল্প নির্দেশনায় শহীদ আহমেদ মিঠু। এর আগে আবু সাইয়ীদ 'কির্ত্তনখোলা', 'শঙ্খনাদ', 'নিরন্তর' নামে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৩২ ঘ