নভেম্বর ০১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা ঐশ্বরিয়া রাই ৩৪ বছরে পা দিলেন বৃহস্পতিবার। ক'দিন আগেই তিনি বেন কিংসলের 'তাজমহল' ছবিতে মমতাজের ভূমিকায় অভিনয় করেছেন। আর এবার জন্মদিনটা তার জীবনের 'শাজাহান' এর সঙ্গে কাটাচ্ছেন তিনি তাজমহল এর শহর আগ্রায়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ প্রসঙ্গে ঐশ্বরিয়া জানান, "আমি এখানে অভিষেকের সঙ্গে এসেছি। তাছাড়া মা (জয়া বচ্চন) ও পা (অমিতাভ)ও আমাদের সঙ্গে এসেছেন। বুধবার আগ্রায় অভিষেকের একটি শুটিং ছিল। তাই আমি তার সঙ্গে মা ও পা'কে নিয়ে চলে এসেছি। এবার জন্মদিনটা তাজমহলে চমৎকার কাটবে বলে মনে হচ্ছে। তবে দুঃখ এই যে, এই জন্মদিনে আমার বাবা-মাকে পেলাম না।"
অ্যাশ আরো জানান, "বিয়ের পর এটাই আমার প্রথম জন্মদিন এবং বিশেষ একটি দিন। এই দিনে আমি খুব সুখের একটি জায়গায় আছি। এই জায়গা আসলে আগ্রাকে বুঝাচ্ছি না। আসলে তিনজন মানুষ, যারা আমার জীবনকে পরিপূর্ণ করতে সদাসচেষ্ট, তাদের কথা বলছি। এটা আমার জন্য খুবই সৌভাগ্যের যে, শুধু আমার স্বামীই নয়, তার শ্বশুর শাশুড়িও আমাকে খুব ভালোবাসে। আমরা এক পরিবারের এবং আমরা পরষ্পরকে ভালোবাসি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৫০৫ ঘ
bdnews24