অক্টোম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মীরা নায়ায় পরিচালিত আর্ন্তজাতিক চলচ্চিত্র 'শান্তারাম'এ অভিনয়ের জন্য মাথা কামাচ্ছেন অমিতাভ - এমন একটা খবর প্রকাশিত হয়েছিল ভারতীয় গণমাধ্যমে। অমিতাভ জানিয়েছেন, এ তথ্য সঠিক নয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বলিউড সুপারস্টার বলেন, "এটা মোটেও সত্যি নয়। মীরার ছবিতে এরকম কোন চরিত্র প্রয়োজন আছে কিনা তা আমি এখনও জানি না। গুজব শুনে মীরার সঙ্গে কথা বলেছি আমি। সে এই গুজবকে 'জঘন্য' বলে আখ্যায়িত করেছে।"
তিনি আরো জানান, "মীরা আমাকে বলেছে, সে এখনও 'শান্তারাম' ছবির জন্য কোন ন্যাড়া মাথার কারো কথা ভাবেনি। আর ভাবলেও আমি মাথা ন্যাড়া করব না।"
গ্রেগরি ডেভিড রবার্টের 'শান্তারাম' অবলম্বনে এই ছবিটি নির্মিত হবে। ছবির সহকারী প্রযোজক হিসেবে আছেন হলিউড তারকা জনি ডেপ। ছবিতে ডেপ একটি গুরুত্বপুর্ন চরিত্রেও অভিনয় করবেন।
রবার্ট ওরফে শান্তারাম একজন অস্ট্রেলিয়ান লেখক। তিনি ব্যাংক ডাকাতি ও হেরোইন আসক্তির জন্য কারাবন্দী হন। কিন্তু সেখান থেকে পালিয়ে তিনি ভারতের মুম্বাইয়ে আসেন। এখানেই তার পরবর্তী দশ বছর কেটেছে। শান্তারাম উপন্যাসটি তার জীবনের এই সব নানামুখী অভিজ্ঞতার কাহিনী।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬০১ ঘ
bdnews24