অক্টোবর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২৩ অক্টোবর কবি শামসুর রাহমানের জন্মদিন। এ উপলক্ষে ২২ অক্টোবর সোমবার শামসুর রাহমানের 'এলো সে অবেলায়' উপন্যাস অবলম্বনে একটি চ্যানেলে প্রচার করা হবে একক নাটক 'বৃষ্টির ফুল'। নাটকটির নাট্যরুপ দিয়েছেন আরিফ আল মামুন, নির্দেশনায় রয়েছেন রাজু আলীম।
নাটকের গল্প এরকম : জীবনের নানা ঘাত-প্রতিঘাতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক, গবেষক এবং লেখক জামিল আখতারের বিয়ে করা হয়নি। মধ্য বয়সে হঠাৎ করেই টেলিফোনে সম্পর্ক হয় আধুনিকা তরুণী নুসরাত আমানের সঙ্গে। নুসরাত তার লেখার ভক্ত। সম্পর্কের গভীরতায় দু'জনের মধ্যে গড়ে ওঠে প্রেম। কৈশোরে জামিল আখতারের ভাল লেগেছিল মামাতো বোন রুকসানাকে। মামার আপত্তির কারণে সেই ভাললাগা শুরুতেই ঝরে যায়। অন্যদিকে নুসরাতের প্রথম ভালবাসাও ভেঙ্গে গিয়েছিল শুরুতেই । ফলে দুটি অতৃপ্ত হদয় একসঙ্গে ঘর বাধাঁর স্বপ্ন দেখে। এমন সময় নিজ বিবেক বাধা হয়ে দাড়ায় জামিল আখতারের সামনে। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
জামিল আখতারের ভূমিকায় চিত্রনায়ক আলমগীর আর নুসরাতের চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী তিন্নি। প্রথমবারের মতো অভিনেতা আলমগীরের বিপরীতে এ নাটকে অভিনয় করলেন তিন্নি। এছাড়াও আরো অভিনয় করেছেন মডেল নীরব, শোভা, এসএম মহসিন, মোহাম্মদ বারী, সাবিহা জামান, মোহাম্মদ মুসা প্রমুখ।
কলিম শরাফী, আব্দুল হাদীর, রাম কানাই দাসের পাশাপাশি নাটকটিতে একটি রবীন্দ্র সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন মডেল ও অভিনেত্রী তিন্নি।
২২ অক্টোবর চ্যানেল আই'তে রাত ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
নাটকটি প্রসঙ্গে এর নির্মাতা রাজু আলীম জানান, "শামসুর রাহমান দেশের প্রধান কবি ছিলেন। কবির কাহিনী নিয়ে এটি আমার দ্বিতীয় কাজ। কবির উপন্যাসের কাহিনীতে ভিন্ন ধরনের স্টাইল, আধুনিকতা, রোমান্টিকতা রয়েছে । এ জন্যই কবির লেখা নিয়ে সেলুরয়েডে কাজ করতে ভাল লাগে। এ নাটকটি নির্মাণ করে আমি সন্তুষ্ট। আশা করছি দর্শকদের কাছে নাটকটি উপভোগ্য হবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭১২ ঘ
bdnews24