অক্টোবর ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রায় এক দশক পর মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বিখ্যাত পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার ছবি। ছবির নাম 'ইয়ুথ উইদাউট ইয়ুথ'। এর আগে ১৯৯৭ সালে কপোলা সর্বশেষ তৈরি করেন 'দি রেইনমেকার'। খবর মার্কিন ওয়েবসাইটের।
শনিবার সন্ধ্যায় রোম চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়।
এর আগে প্রেসের জন্য আয়োজিত প্রদর্শনীতে ছবিটি দেখে অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলে কপোলা তাদের দ্বিতীয়বারের জন্য ছবিটি দেখার অনুরোধ করেন।
কপোলা বলেন, "এটা নতুন ধরনের ছবি। আপনি যখন কোন নতুন ছবি দেখেন তখন আপনি বুঝতে পারেন যে এটা আগের কোন সফল ছবি যেমন ধরুন 'স্পাইডার ম্যান' বা 'শ্রেক' থেকে আলাদা। কিন্তু একেবারেই নতুন ধরনের ছবির সঙ্গে পরিচিত হতে আপনার একটু সময় লাগতে পারে।"
'ইয়ুথ উইদাউট ইয়ুথ' একটা আধিদৈবিক কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ৭০ বছর বয়স্ক রোমানিয় এক ভাষাতত্ত্বের অধ্যাপক আচমকা বজ্রপাতের শিকার হয়ে অলৌকিকভাবে তারুণ্য ফিরে পান। ওই ঘটনার ফলে তার অস্বাভাবিক বুদ্ধিমত্তাও দেখা দেয় যা তৎকালীন নাজী শাসকদের নজর কাড়ে। নাজীদের হাত থেকে বাঁচার জন্য তিনি ফেরারী হয়ে যান। তরুন শরীরে বৃদ্ধের মন নিয়ে এক অসহনীয় জীবন যাপন করতে থাকেন তিনি।
ছবিতে অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন টিম রথ। রোমানিয়ায় চিত্রায়িত ছবিটির কাহিনী নেয়া হয়েছে রোমানিয়ার দার্শনিক লেখক মির্চা এলিয়াদের উপন্যাস থেকে।
রোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ অক্টোবর, চলবে ২১ অক্টোবর অব্দি। এ ক'দিনে প্রদর্শিত ৮০টি চলচ্চিত্র থেকে ৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। ৫০ জন বিচারকের একটি প্যানেল নির্বাচনের কাজটি করবেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫৮ ঘ
bdnews24