অক্টোবর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চমৎকার নাটক কামরুজ্জামান কামুর 'স্ক্রিপ্ট রাইটার'। এনটিভিতে নাটকটি প্রচারিত হবে শনিবার রাত ৯টায়। মাস দুয়েক আগে ঢাকার রাশিয়ান কালচারার সেন্টারে টাকশাল প্রযোজিত নাটকটির প্রিমিয়ার হয়ে গেছে। সেখানে আমন্ত্রিত সাধারণ ও বোদ্ধা দর্শকরা এক বাক্যে এর প্রসংশা করেছেন। বিশিষ্ট পরিচালক তারেক মাসুদ, খ্যাতনামা নাট্যকার আনিসুল হক দৈনিক পত্রিকায় নাটকটি সম্পর্কে তাদের উচ্ছসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
কেন চমৎকার কামুর নাটক? প্রথমত এর কাহিনী। এক বেকার, যার ঘরে পোয়াতি স্ত্রী এবং সংসারের ভরণপোষনে যে ব্যর্থপ্রায়, অর্থ উপার্জনের নানা পন্থা খুঁজে বেড়ায় সে। একজনের পরামর্শে সে নাটকের স্ক্রিপ্ট লেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু কী নিয়ে লিখবে? সাত- পাঁচ ভাবতে ভাবতে নিজের সংসারের কাহিনী নিয়েই লিখতে শুরু করে সে চিত্রনাট্য। নানা জনের নানা পরামর্শ নেয়। কাহিনীর চূড়ান্ত পর্যায়ে এসে তার জীবন আর চিত্রনাট্যের কাহিনী একাকার হয়ে যায়। একটা থেকে আরেকটাকে আলাদা করাই মুশকিল হয়ে পরে।
এরকম এক আপাত সরল কাহিনী নিয়েই রচিত হয়েছে কামরুজ্জামান কামুর স্ক্রিপ্ট রাইটার। কাহিনীর সরল গতি শেষ পর্যায়ে এসে এক পরাবাস্তবে প্রবেশ করে।
এক পরিচালক লেখককে পরামর্শ দিয়েছিলেন নাটকের শেষে একটা 'মোচড়' রাখতে। তাহলে কাহিনী জমে, দর্শক খায়। ফলে লেখক তখন মোচড়ের সন্ধান করেন। গল্পের লেখক চরিত্রটি যে মোচড়ের সন্ধান করে তা কিন্তু কামুর নিজেরও অন্বিষ্ট।
নাটকের শেষ দিকে এসে সত্যি সত্যিই এক নিদারুন মোচড়ের শিকার হন লেখক চরিত্রটি। তার পোয়াতি স্ত্রীকে নিয়ে হাসপাতালে দৌড়ান তিনি। হাতে যে টাকা পয়সা নেই সেটা এর আগেই জানান দিয়েছেন। স্ক্রিপ্টটা বিক্রি করে কিছু টাকা হয়তো মিলবে। সেই স্ক্রিপ্টেও নায়কের পোয়াতি স্ত্রী হাসপাতালে, লেখক কি তাকে বাঁচিয়ে রাখবেন নাকি মেরে ফেলবেন।
খুব গভীর মনস্তাত্বিক সমস্যা হয়তো নয়, কিন্তু এই নাটকের মধ্যে জীবন ও নাটকের মনস্তত্বকে এক সূত্রে গাঁথার যে মুনশিয়ানা দেখিয়েছেন কামু তা অনবদ্য। গল্পের লেখক চরিত্রের যে সমস্যা তা কামুর নিজেরও। এবং এভাবেই গল্পের চরিত্রের সঙ্গে একটা সমান্তরাল গতিপথ তিনি তৈরি করে নেন কৌশলে। তারা দুজনেই (আসলে তিনজন) যেন একটা পরিণতির দিকে এগুতে থাকেন।
নাটকের শেষের দিকে সন্তানকে নিয়ে লেখক যে নৌকায় ভাসেন, বা তীরে তার সঙ্গে বসে থাকেন, খেলেন, সঙ্গে তার স্ত্রী নেই, আর বাচ্চাটি হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে বলে ওঠে 'অ্যাকশন', যবনিকা নামে নাটকের --- এই দৃশ্য নাটককে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। এটা স্বপ্ন নয়.... কিংবা স্বপ্নই। লেখক যেহেতু তন্দ্রাচ্ছ্ন্ন হয়ে পরেছিলেন ম্যাটার্নিটি হোমের ওয়েটিং রুমে, স্বপ্ন তিনি দেখতেই পারেন।
দৃশ্যটিতে কামুর কবিসত্ত্বার পরিচয় বেরিয়ে এসেছে। যে 'মোচড়ের' কথা বলেন নাট্যনির্মাতারা সেই মোচড়কেই শুধু ঘটনার মোচড়ে না রেখে অন্য এক বিষন্নতায় ভরে দিয়েছেন কামু। মেদুর আকাশ, বাতাসে দুলছে সবুজ ঘাস, নিঃসঙ্গ নৌকা। মনে পরতে পারে জীবনানন্দ দাশের কথা, ঘাসের উপর দিয়ে বয়ে যায় সবুজ বাতাস/ অথবা সবুজ বুঝি ঘাস.../আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে/.....আমি চলে যাব তবু এই জীবন অপার। অপার জীবনের সম্ভাবনাই কি উচ্চারিত হলো শিশুটির 'অ্যাকশন' বলার মধ্য দিয়ে।
কামুর নাটক সম্পর্কে উচ্ছসিত হওয়ার অন্যতম কারণ, কামুর এটাই প্রথম কাজ। রচনা ও পরিচালনা দুটোই। দুটো ক্ষেত্রেই ভালোভাবেই উৎরে গেছেন তিনি। একটা অ্যাডভেঞ্চার হয়তো না করলেও হতো। সব পরিচালকদের দিয়ে অভিনয় করানোয় একটা বাহাদুরি জুটল হয়তো, তবে পেশাদার অভিনেতা নিলে অভিনয় আরো সরগর হতো সন্দেহ নেই।
কামু কবি। অসাধারণ কিছু কবিতা লিখে সূচনাতেই মন জয় করে নিয়েছেন কাব্যভোক্তাদের। গানের হাতটিও তার দুর্দান্ত। 'তোমার বাড়ির রঙের মেলায়' থেকে শুরু করে অসাধারণ জনপ্রিয় কিছু গান তিনি উপহার দিয়েছেন এরই মধ্যে। অভিনয় আর বিজ্ঞাপনচিত্রে তার সহজ সাবলীল উপস্থিতিও নজর কাড়ে। এই নাটকেও ক্ষনিকের জন্য দেখা গেছে তাকে এক বখাটে তরুণের ভূমিকায়। সেখানেও তিনি একশতে একশ।
বাংলাদেশের নাটকের যে বাঁক বদল চলছে বেশ কিছু দিন ধরে তাতে কামুর উপস্থিতি আরো গতির সঞ্চার করবে সন্দেহ নেই। নবতর কাহিনী আর নতুন নতুন মোঁচড় দিয়ে তিনি দর্শকদের আরো আনন্দ দেবেন, এই প্রত্যাশা এখন বেড়ে থাকলো।
নাটকটিতে অভিনয় করেছেন নাট্যনির্মাতা নুরুল আলম আতিক, মাতিয়া বানু শুকু, গিয়াসউদ্দিন সেলিম, রাজীব আহমেদ, কচি খন্দকার, শাহরিয়াল রাসেল। নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন একমাত্র পেশাদার অভিনেত্রী জয়া আহসান। এ ছাড়াও আছেন সুষমা, নাফাসহ আরো অনেকে।
নাটকটির সম্পর্কে কামরুজ্জামান কামু জানান, "আমার বিশ্বাস ছিল নাটকের পেশাদার মানুষগুলো তাদের স্ব স্ব চরিত্রগুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে, যে কারণে তাদেরকে নিয়ে কাজ করা। সব মিলিয়ে নাটকটিতে তারা চমৎকার কাজ দেখিয়েছে। আশা করি আমাদের নতুন ধরনের এ কাজকে গ্রহণ করবে দর্শকেরা।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪১৪ ঘ
bdnews24