অক্টোবর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) - ১৯৯৩ সালে মুম্বাইতে ধারাবাহিক বোমা হামলা মামলায় সঞ্জয়ের ৬ বছরের শাস্তির আদেশ হয়। কয়েকদিন কারাবাসের পর তার জামিন হয়। সেই জামিনের সময় শেষ হচ্ছে চলতি মাসের ২০ তারিখ । তার আগে সঞ্জয়কে বিশেষ সন্ত্রাস দমন আদালতে হাজির হতে বলা হয়েছে ।
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইতে সন্ত্রাসী হামলাকারী হিসেবে অভিযুক্তদের সন্ত্রাস এবং ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিরোধ অ্যাক্ট (টাডা ) আদালতের বিচারক প্রমোদ কোড়ে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন ।
সেদিনের বোমা হামলায় ৩০০মিলিয়ন রুপি সম্পদের ক্ষয়ক্ষতি সহ ২৫৭ জনের প্রানহানি ঘটেছিল এবং আহত হয়েছিল প্রায় ১০০ জন ।
বিচারক জানান, অক্টোবরের ১৮, ১৯ এবং ২০ তারিখ অভিযুক্তদের বিচারের সমস্ত নথিপত্র আদালতে হস্তান্তর করবেন ।
৪৮ বছর বয়সী সঞ্জয় দত্ত অবৈধ বিস্ফোরক রাখা এবং বোমা হামলার অভিযোগে অভিযুক্ত হন এবং ৩০ জুলাই থেকে তার ৬ বছরের জেল আদেশ হয় ।
আগস্টের ২৩ তারিখ সুপ্রিম কোর্ট সঞ্জয়ের জামিন আবেদন মঞ্জুর করে । সঞ্জয়ের উকিল ফারহানা শাহ জানান, "অভিযুক্ত ১০০ জনের মধ্যে সর্বশেষ ব্যক্তি সঞ্জয়কে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়।"
শাহ আরো জানান, "তার বিরুদ্ধে বিচারের সমস্ত দলিল সম্পূর্ন করা হয়েছে। তার মতো আরো যারা জামিনে মুক্ত আছে তাদেরকেও কোর্টে আত্মসমর্পন করতে হবে।"
মুন্না ভাইসহ আরো বিভিন্ন চলচ্চিত্র দিয়ে বহু দর্শকের হৃদয় জয় করা এই নায়ক ইতোমধ্যে ২৩ দিন কারাভোগ করেছেন।
প্রথমে তাকে কঠোর নিরাপত্তায় মুম্বাইয়ের আর্থার রোড জেলে রাখা হয়। পরে আগস্টের ২ তারিখ রাতে পশ্চিম মহারাষ্ট্রের পুনের ইয়েরবাড়া জেলে স্থানান্তর করা হয়েছিল ।
ইয়েরবাড়া জেলে এই অভিনেতা কারা শ্রম হিসেবে কাঠের কাজ বেছে নেন এবং দিনে ২০ রুপি করে মজুরি পেতেন।
সঞ্জয় দত্তসহ অভিযুক্তদের আরো ১৫ জন এখন জামিনে মুক্ত রয়েছেন যাদের কারো কারো যাবজ্জীবন সাজার নির্দেশ হয়েছে ।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এসএন/১৮০৪ ঘ.
bdnews24