অক্টোবর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা নার্গিস আক্তার এবারের ঈদের জন্য নির্মাণ করেছেন টেলিফিল্ম 'নস্টালজিয়া'। এটির রচিয়তা ও নির্মাতা নার্গিস আক্তার নিজেই।
টেলিফিল্মটির কাহিনী গড়ে ওঠেছে আরমান খান ও তার নাতনী সিমনকে ঘিরে। হাওয়া বদল করতে কক্সবাজার যায় তারা। তাদেরকে অনুসরণ করে ওখানে পৌঁছে সিমনের বন্ধু শিশির। কক্সবাজারে সিমন ও শিশিরের অন্তরঙ্গতা দেখে ফেলেন আরমান খান। এটি দেখে তিনি আক্রান্ত হন নস্টালজিয়ায়। ফিরে যান ফেলে আসা অতীতের কাছে। যেখানে ৫ বছর আগে ৫৪ বছর বয়সী আরমান খানের প্রেম হয়েছিল ২০ বছর বয়সী লোনা খন্দকারের সঙ্গে। এভাবেই এগিয়েছে টেলিফিল্মটির গল্প।
টেলিফিল্মটিতে আরমান খানের ভূমিকায় চিত্রনায়ক আলমগীর আর লোনা চরিত্রে রয়েছেন লাক্স চ্যানেল আই '০৬ তারকা অভিনেত্রী বাঁধন। এছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, নাসিম, রুমানাসহ অনেকেই।
অনেকদিন পর এই টেলিফিল্মের সুবাদে একসঙ্গে অভিনয়ে ফিরলেন বড় পর্দার জনপ্রিয় নায়ক আলমগীর ও নায়িকা চম্পা।
টেলিফিল্মটির শুটিং হয়েছে কক্সবাজারের মনোরম সব লোকেশনে। নার্গিস আক্তারের নিজস্ব প্রযোজনা সংস্থা ফেমকমের ব্যানারে নির্মিত হয়েছে টেলিফিল্মটি।
ঈদের অনুষ্ঠানমালায় টেলিফিল্মটি এনটিভিতে প্রচার করা হবে। টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নার্গিস আক্তার।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬৫৬ ঘ
bdnews24