অক্টোবর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হানিফ সংকেত এবারের 'ইত্যাদি'তে একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। আর এই নাচে দেড় শতাধিক নৃত্যশিল্পী পাশাপাশি অংশ নিয়েছেন জনপ্রিয় তারকা মৌ, মৌসুমি, ফেরদৌস ও নোবেল। নাচটির মধ্যে আধুনিক, ক্লাসিক্যাল, ফোক সবকিছুই মিলিয়ে এক ধরনের ফিউশান তৈরি করা হয়েছে। এর নৃত্য পরিচালক হিসেবে ছিলেন কবিরুল ইসলাম রতন এবং তাকে সহযোগিতা করেছেন অমিত।
দেশের বিভিন্ন বিভিন্ন স্কুল, সংগঠন ও বাংলাদেশ স্কাউটস থেকে এ নাচের জন্য নৃত্যশিল্পীদের নেয়া হয়েছে। দীর্ঘ ১৫ দিন ধরে চলেছে নাচটির মহড়া। এই নাচটিতে অংশগ্রহণকারী সব শিল্পীকে নাচের জন্য নুতন পোশাক দেয়া হয়েছে। আর এসব পোশাক ডিজাইনে ফাগুন অডিও ভিশনকে সহযোগিতা করেছে এবি ফ্যাশন। "নাচটির মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে তেমনি বৈচিত্র্য রয়েছে নাচের কম্পোজিশনেও। এবারে ঈদের ইত্যাদির এ আয়োজনটি অনুষ্ঠানটিকে দেবে ভিন্ন মাত্রা", এমন দাবি অনুষ্ঠান নির্মাতা হানিফ সংকেতের।
অন্যরকম দেশাত্মবোধক গান
ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির চমক জাগানা আরেকটি বিষয় দেশাত্মবোধক গান। গানটিতে প্রথম একসঙ্গে গান গেয়েছেন ৪ জন জনপ্রিয় সঙ্গীত তারকা। শিল্পীরা হলেন আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর ও কুমার বিশ্বজিৎ। শিল্পী আব্দুল জব্বার এই গানের মাধ্যমে প্রথমবার 'ইত্যাদি'তে আসছেন।
বেশ কটি জেলায় গানটির চিত্রায়ন করা হয়েছে। শুটিং করতে গিয়ে শিল্পীদের কখনও ভোর পাঁচটা থেকে রাত ১টা পর্যন্ত শুটিংয়ের কাজে এক জেলা থেকে আর এক জেলায় ছোটাছুটি করতে হয়েছে।
দেশাত্মবোধক গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু।
নাট্য অভিনেতাদের নৃত্য
ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র এবারের ঈদের অনুষ্ঠানের একটি পর্বে এই সময়ের জনপ্রিয় পাঁচ টিভি তারকা লিটু আনাম, মীর সাব্বির, অপূর্ব, মিলন ও মডেল কন্যা মোনালিসা নৃত্য পরিবেশন করেছেন। বেশ কয়েকটি জনপ্রিয় গানের সংমিশ্রনে করা এ দলীয় সঙ্গীতের অন্যতম আকর্ষণ এই সময়ের পাঁচ জনপ্রিয় টিভি তারকার ভিন্ন রকম উপস্থিতি।
মোনালিসা ছাড়া এইসব নাট্য অভিনেতারা ইতোপূর্বে কখনোই কোন অনুষ্ঠানে নাচেননি। বিষয়টি তাদের জন্য যেমন নুতন অভিজ্ঞতা দর্শকদের জন্যও তেমনি চমকপ্রদ বিষয়।
দলীয় সঙ্গীতটিতে নেপথ্য কণ্ঠ দিয়েছেন বাদশা বুলবুল, পান্থ কানাই, বাসু, মিলি, আজিজ, মেহেদী ও রুমী। সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী।
হানিফ সংকেতের নিজস্ব প্রযোজনা সংস্থা ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত ঈদের এ বিশেষ 'ইত্যাদি' প্রচারিত হবে ঈদের পরদিন রাত সাড়ে ১০ টায়, বিটিভিতে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭২৯ ঘ
bdnews24