অক্টোবর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কণ্ঠশিল্পী আতিক হাসানের দশম একক অ্যালবাম আসছে এবারের ঈদে। নতুন এ অ্যালবামটি ভিন্ন ভিন্ন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকের সমন্বয়ে নির্মিত হয়েছে।
অ্যালবামের গানের কথাগুলো লিখেছেন শফিক তুহিন, শওকত, বিজয় কৃষ্ণপাল, শিহাব রিপন, সপ্তম, কায়সার, প্রতীম। সুর করেছেন শওকত, শিহাব রিপন, শফিক তুহিন,এস আই টুটুল ও সপ্তম।
অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো 'হারিয়েছে মন', 'ভুলে যাও সবই', 'আঘাত', 'হলো না', 'তুমি ছাড়া', 'আসবে না বলেছ', 'নিষ্ঠুর বন্ধু' ইত্যাদি।
ঈদে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে বেরুবে অ্যালবামটি।
অন্যদিকে আসিফ ও আতিক হাসানের একটি দ্বৈত অ্যালবামের কাজও চলছে। আহমেদ রিজভীর কথা ও নাজির মাহমুদের সুরে এ অ্যালবামটি আসিফের অডিও প্রযোজনা সংস্থা আরব এর ব্যানারে নির্মিত হচ্ছে।
নতুন একক অ্যালবাম প্রসঙ্গে আতিক হাসান বলেন, "এবারের অ্যালবামটিকে আমি একটু বেশি বৈচিত্র্যপূর্ণ বলবো। কেননা এর আগে আমি একসঙ্গে এত গীতিকার ও সুরকারের সঙ্গে গান করিনি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭২৫ ঘ
bdnews24