অক্টোবর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবীন্দ্রনাথের ৭টি কবিতার কাহিনী ও ভাব অবলম্বনে নির্মিত হচ্ছে ১৩ পর্বের ধারাবাহিক নাটক 'দৃশ্যকাব্য'। গতানুগনিক নাটকের বলয় থেকে বেরিয়ে কবিতা অবলম্বনে নাট্যরচনার প্রয়াস এটাই প্রথম।
রবীন্দ্রনাথের মূল কবিতাগুলো অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন ওয়ালিদ হাসান আর পরিচালনায় রয়েছেন যৌথভাবে শাহিদ সুজন ও ওয়ালিদ হাসান।
ধারাবাহিক এ নাটকে কবিগুরুর যে কবিতা ও কাব্যনাট্য থেকে নাট্যরুপ দেয়া হচ্ছে তা হল 'বিসর্জন', 'হঠাৎ দেখা', 'দুই বিঘা জমি', 'বাঁশি', 'যেতে নাহি দেবো' , 'পুরাতন ভৃত্য' ও 'নিস্কৃতি'।
ধারাবাহিক নাটক 'দৃশ্যকাব্য'র বিভিন্ন পর্বে অভিনয় করছেন মামুনুর রশীদ, ফেরদৌসি মজুমদার, আলী যাকের, আজাদ আবুল কালাম, রিচি সোলায়মান, আরমান পারভেজ মুরাদ, বন্যা মির্জা, চাঁদনী, ইন্তেখাব দিনার, পান্থ শাহরিয়ার, গীতশ্রী চৌধুরীসহ অনেকেই।
এ ধারাবাহিক নাটকটির মাধ্যমে রবীন্দ্রনাথের অনেক জনপ্রিয় ও আলোচিত কবিতার কাহিনী ও ভাব প্রথমবারের মতন ছোট পর্দায় আসছে। বর্তমানে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির নির্মাণ কাজ।
'স্বপ্নচারণ' মিড়িয়া নতুন ধারার এ ধারাবাহিকটি প্রযোজনা করছে।
এ সম্পর্কে নাট্যকার ও নির্মাতা ওয়ালিদ হাসান জানান, সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণের প্রচলন আছে সারাবিশ্বে। রবীন্দ্রনাথের দু'একটি গল্প নিয়ে আমাদের এখানে একক নাটক নির্মিত হলেও কবিতা নিয়ে এর আগে ব্যাপক পরিসরে কাজ হয়নি। প্রথমবারের মতন আমি কবিগুরুর বেশ কটি কবিতা নিয়ে এ ধারাবাহিক নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করছি ভিন্নরকমের এ কাজটি দর্শকদের ভাল লাগবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬৩২ ঘ
bdnews24