অক্টোবর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- একতা কাপুরের বালাজি টেলিফিল্মস এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইতিমধ্যেই বেশ নাম করে ফেলেছে। প্রতি বছরই এই অনুষ্ঠানের সুনাম বাড়ছে বই কমছে না। এ বছর ডিসেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে শাহরুখ খান অংশ নিতে পারেন বলে জানিয়েছে বালাজী সূত্র। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ভারতীয় চ্যানেল স্টার প্লাসের জনপ্রিয় দুটি সিরিয়ালের 'তুলসি' বা 'পাবর্তী' সবার কাছেই খুব জনপ্রিয় চরিত্র। তাদের সঙ্গেই নাচবেন শাহরুখ খান। তার সঙ্গে থাকতে পারেন সালমান খানও। এবার ওই উৎসবে ছোট পর্দা আর বড় পর্দার তারকাদের মিলিত নাচই প্রধান আর্কষন হবে বলে ধারণা করা হচ্ছে।
বালাজী বিজনেস এর প্রধান হর্ষ খান্না জানান, "একতা একটা ব্যাপারে নিশ্চিত আছেন, তার টিভি এওয়ার্ড ফিল্ম এওয়ার্ডের মতোই বড়ো মাপের হবে। আর এ কারণেই তিনি বলিউডের তারকারা যাতে তার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেজন্য কাজ করছেন। অবশ্য এখানে একটা শর্ত জড়িত আছে। সেটা হলো, এইসব তারকাদের কোন না কোন ভাবে টিভির সঙ্গে জড়িত হতে হবে।"
তিনি আরো জানান, "আমরা শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা আশা করছি তিনি আমাদের প্রস্তাবে রাজি হবেন। শুধু চলচ্চিত্রেই নয় তিনি টেলিভিশনের জন্যও অনুপ্রেরণার উৎস। শাহরুখ টিভি দিয়েই তার ক্যারিয়ার শুরু করেছেন। তার 'কৌন বনেগা ক্রোড়পতি' একটি জনপ্রিয় অনুষ্ঠান। সুতরাং আমাদের অনুষ্ঠানে চমৎকারভাবে মানানসই হবেন তিনি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬০৭ ঘ
bdnews24