২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে ৩৯ হাজার নকল সিডি, ভিসিডি ও এমপিথ্রি উদ্ধার করেছে ‘ম্যাপ’

ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে ৩৯ হাজার নকল সিডি, ভিসিডি ও এমপিথ্রি উদ্ধার করেছে দেশের সংগীত প্রযোজনা সংস্থাগুলোর সংগঠন ‘ম্যাপ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 06:12 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দেশে চোরাই সিডি, ভিসিডি ও এমপিথ্রি সিডির উৎপাদন বন্ধের লক্ষ্যে কয়েকমাস আগে গঠিত হয় মুভমেন্ট এগেইনস্ট পাইরেসি ( গঅচ)।

গঠনের পরপরই ঢাকার ভিতর বেশ কয়েকটি উদ্ধার কাজ চালায় ম্যাপ। এবং বেশ কয়েকটি চোরাই সিডি, ভিসিডি উৎপানকারীদের ধরতে তারা সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় এবার ম্যাপ ঢাকার বাইরে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে উদ্ধার কাজ চালায়। তাদের এই অভিযানে সহায়তা করেন স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা।

গত ২০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই উদ্ধার কাজে অংশ নেন জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভুঁইয়া, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, এটিএন মিউজিকের পরিচালক শুভ্রদেব, সাউন্ডটেকের চেয়ারম্যান শামসুর রাহমান, ম্যাপ এর সমন্বয়কারী এরশাদুল হক টিংকু এবং সঙ্গীতার বিপণন কর্মকতা।

টিংকু জানান, কুমিল্লা শহরে ২০ জানুয়ারি উদ্ধার কাজ চালান হয়। সেখানের টাউন হল মার্কেট থেকে ১০ হাজার চোরাই সিডি ও এমপিথ্রি উদ্ধার করা হয়। এছাড়া নকল স্টিকার, ও কপিয়ার মেশিনও বাজেয়াপ্ত করেন তারা। সেই সময় বিভিন্ন পত্রিকা ও চ্যানেলের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেনীতে অপারেশন চালানো হয় ২০ জানুয়ারি রাতে। সেখান থেকে ১২ হাজার চোরাই সিডি, ভিসিডি ও এমপিথ্রিসহ বিপুল পরিমাণে নকল স্টিকার উদ্ধার করা হয়। সেই সাথে কপিয়ার মেশিনও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার কাজ চলাকালে ফেনীর শহীদউদ্দিন বিপনী বিতান থেকে দেশিয় বিভিন্ন চলচ্চিত্রের নকল ভিসিডি, গানের সিডি এবং নকল তৈরির বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

চট্টগ্রামে উদ্ধার কাজ চালান হয় ২১ জানুয়ারি। সেখানের রিয়াজউদ্দিন মার্কেট থেকে ১৭ হাজার নকল সিডি, ভিসিডি ও এমপিথ্রি উদ্ধার করা হয়। সেই সাথে বিভিন্ন সিডি ও ভিসিডির নকল প্রচ্ছদও উদ্ধার করেন তারা।

উদ্ধার করা সমস্ত নকল সিডি, ভিসিডি, এমপিথ্রি, পোস্টার, সিডি প্রচ্ছদ, নকল স্টিকার ও কপিয়ার মেশিন চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে সামনে পুড়িয়ে ফেলা হয়।